{{ news.section.title }}
আদ্-দ্বীন হাসপাতালের পুনঃপরিদর্শনের আবেদন, সন্তোষজনক হলে পরবর্তী সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবকাঠামোগত ও কারিগরি ত্রুটিগুলো সংশোধনের দাবি জানিয়ে পুনরায় পরিদর্শনের আবেদন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শনে সন্তুষ্ট হলে হাসপাতালটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কি না-এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয়টি শিশুর মৃত্যুর ঘটনায় সরকার যদি কোনো ব্যবস্থা না নিত, তাহলে জনমনে প্রশ্ন উঠত এবং সরকার সমালোচনার মুখে পড়ত। তাই ঘটনার পরপরই হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, তদন্তে হাসপাতালের আইসিইউসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে অবকাঠামোগত ও কারিগরি ত্রুটি চিহ্নিত হয়েছিল। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন করেছে এবং এখন পুনরায় পরিদর্শনের আবেদন করেছে।
মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালটি আবার পরিদর্শন করবেন। পরিদর্শনের সময় আইসিইউ, চিকিৎসা সরঞ্জাম, জনবল, নিরাপত্তা ব্যবস্থা এবং লাইসেন্সের শর্তগুলো যথাযথভাবে পূরণ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, পরিদর্শনে যদি দেখা যায় যে হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী সব ত্রুটি সংশোধন করেছে এবং সেবার মান গ্রহণযোগ্য পর্যায়ে এসেছে, তাহলে সেই প্রতিবেদনের ভিত্তিতেই সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে পরিদর্শনের আগে হাসপাতালটিকে কোনো ধরনের চূড়ান্ত ছাড় দেওয়া হয়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে বলে তিনি জেনেছেন। তবে এ ঘটনায় দায়ের হওয়া মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। ফলে মামলার বিষয়ে আদালত ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সরকার বরদাশত করবে না। রোগীর নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতালগুলোকে নির্ধারিত মানদণ্ড মেনে পরিচালনা করাই সরকারের প্রধান লক্ষ্য। তাই সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং লাইসেন্সের শর্ত কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পুনঃপরিদর্শনের প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির লাইসেন্স, সেবা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিচালনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আগের প্রশাসনিক সিদ্ধান্তই বহাল থাকবে।