{{ news.section.title }}
নির্বাচনী প্রচারণায় অবদান রাখা অটোচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হান্নান মাসউদের পোস্ট!
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ তাঁর নির্বাচনী প্রচারণায় অবদান রাখা এক অটোচালককে ফেসবুক পোস্টে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ক্যামেরার আড়ালের নায়ক’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি অটোচালক মোহাম্মদ কামালের ভূমিকার কথা উল্লেখ করেন।
পোস্টে জনাব কামালের অটোতে তাঁর পাশেই বসা একটি ছবি শেয়ার করে হান্নান মাসউদ লেখেন, “এই যে যিনি অটো চালাচ্ছেন, তাঁর নাম কামাল। তিনি নির্বাচনের আগে কিছু নির্বাচনী প্রচারণার লিফলেট নিয়ে যতজন যাত্রী তাঁর গাড়িতে উঠতেন, প্রত্যেককে একটি করে লিফলেট দিতেন এবং শাপলা কলিতে ভোট চাইতেন। একটি সাউন্ডবক্স কিনে অটোতে সেট করে রেখেছিলেন; যাত্রী টানার পাশাপাশি শাপলা কলির নির্বাচনী প্রচারণা চালাতেন।”
তিনি আরও লেখেন, “এমনকি যাত্রী নিয়ে কোনো বাড়িতে গেলে সেই বাড়ির প্রতিটি ঘরেই তিনি লিফলেট বিতরণ করতেন। নির্বাচনের দিন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা তাঁর গাড়িটি ভেঙে ফেলে।”
সবশেষে তিনি লেখেন, “আজ একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান থেকে বের হয়ে দেখি, অটো নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। নিজ টাকায় অটোটি ঠিকঠাক করে এখনো আমার লিফলেট দিয়ে পুরো অটো সাজিয়ে রেখেছেন। তাঁর ইচ্ছা ছিল, আমাকে একদিন তাঁর অটোতে নিয়ে ঘুরবেন। তাঁর পাশে বসে ঘুরলাম। কৃতার্থ।”
ডিএম/জেএন