{{ news.section.title }}
নতুন দিবস জাতীয়ভাবে পালনে পরিপত্র জারি, থাকছে ছুটি
এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ জাতীয়ভাবে পালন করা হবে। সরকার দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় সর্বোচ্চ গুরুত্বের ‘ক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছে এবং এ দিনটি সরকারি ছুটির তালিকাতেও বহাল থাকবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এ বিষয়ে একটি সংশোধিত পরিপত্র জারি করে বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে জানানো হয়েছে, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’কে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে। পাশাপাশি এটি পূর্বে প্রকাশিত দিবসের তালিকার যথাযথ স্থানে অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১১ মার্চ জারি করা পরিপত্রে দিবসটির উল্লেখ ছিল না। তবে নতুন সিদ্ধান্তের মাধ্যমে এটি আবারও রাষ্ট্রীয় তালিকায় যুক্ত হলো। উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের রাজনৈতিক ও সামরিক ঘটনাবলির স্মরণে দিবসটি পালন করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে এটি রাষ্ট্রীয় ছুটির অন্তর্ভুক্ত ছিল।