{{ news.section.title }}
অবসরের জল্পনার মাঝেই ২০৩০ বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন নেইমার
নিজের ছোটবেলার সংস্করণকে সঙ্গে নিয়ে নির্মিত আবেগঘন ভিডিওতে শেষবারের মতো বিশ্বকাপ জয়ের আহ্বান। ইনস্টাগ্রামে নেইমারের প্রতিক্রিয়ায় নতুন করে আলোচনায় ২০৩০ বিশ্বকাপ।
চারটি বিশ্বকাপ খেলেও অধরা থেকে গেছে শিরোপা। ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপও সেটিই। সেই অপূর্ণ স্বপ্নকে কেন্দ্র করেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নির্মিত একটি আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি দেখে নিজেও আবেগ লুকাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমের একটি জনপ্রিয় এআইভিত্তিক কনটেন্ট নির্মাতা অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওটিতে নেইমারের জীবনের বিভিন্ন বয়সের সংস্করণকে একই ফ্রেমে দেখানো হয়েছে। মূল গল্পে ভবিষ্যতের নেইমার ফিরে যান নিজের শৈশবে, উদ্দেশ্য একটাই, ২০৩০ বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নামার সিদ্ধান্তে নিজেকেই অনুপ্রাণিত করা।
ভিডিওতে সান্তোসের জার্সি পরা শিশু নেইমার ভবিষ্যতের নিজের কাছেই জানতে চায়, তারা প্রথম বিশ্বকাপ জিতেছিল কত বছর বয়সে। প্রশ্নের জবাবে আবেগঘন কণ্ঠে ভবিষ্যতের নেইমার বলেন, বিশ্বকাপ জেতা সম্ভব হয়নি। তিনি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছেন, কিন্তু একার পক্ষে তা সম্ভব হয়নি। এরপর তিনি শিশুকালের নিজের কাছে জানতে চান, শেষবারের মতো আরেকবার বিশ্বকাপ জয়ের চেষ্টা করা উচিত কি না।
ভিডিওর শেষ দৃশ্যে হাজির হয় আরও বয়স্ক এক নেইমার। তার হাতে ধরা থাকে বিশ্বকাপ ট্রফি, যেখানে খোদাই করা থাকে ‘২০৩০’। সেই দৃশ্য দেখে শিশু নেইমার উত্তর দেয়, ‘হ্যাঁ, শেষবারের মতো আরেকবার বিশ্বকাপ জেতার চেষ্টা করো।’ এই সংলাপই ভিডিওটির আবেগঘন সমাপ্তি টানে।
ভিডিওটি প্রকাশের পর সেটিতে প্রতিক্রিয়া জানান স্বয়ং নেইমার। ইনস্টাগ্রামে তিনি ভালোবাসা ও আবেগ প্রকাশের তিনটি ইমোজি দিয়ে মন্তব্য করেন। তার এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়াই মুহূর্তের মধ্যে ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দেয়। অনেকেই মনে করছেন, ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ভিডিওটির ভিউ দ্রুত ৩ কোটিরও বেশি ছাড়িয়ে যায়। পাশাপাশি এতে লাখ লাখ প্রতিক্রিয়া, বিপুল সংখ্যক মন্তব্য এবং ১০ লাখের বেশি শেয়ার জমা পড়ে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে এর ব্যাপক জনপ্রিয়তারই প্রমাণ।
৩৪ বছর বয়সী নেইমার এরই মধ্যে চারটি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হলে তার বয়স হবে ৩৮ বছর। ২০২৬ বিশ্বকাপের আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সেটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ। তবে ভাইরাল এই ভিডিওতে তার আবেগঘন প্রতিক্রিয়ার পর আবারও শুরু হয়েছে আলোচনা, ব্রাজিলের জার্সিতে তাকে কি আরও একবার বিশ্বমঞ্চে দেখা যাবে?