কক্সবাজার বিমানবন্দরে ল্যাপটপ ব্যাগে ৮২৫টি ইয়াবা বড়ি,নারী আটক

কক্সবাজার বিমানবন্দরে ল্যাপটপ ব্যাগে ৮২৫টি ইয়াবা বড়ি,নারী আটক
ছবির ক্যাপশান, কক্সবাজার বিমানবন্দরে ল্যাপটপ ব্যাগে ৮২৫টি ইয়াবা বড়ি,নারী আটক

কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় ল্যাপটপ ব্যাগের গোপন অংশ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় জেসমিন আক্তার (৩৫) নামে এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। পরে তাকে এবং উদ্ধার হওয়া ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, শনিবার (২০ জুন) নভোএয়ারের ঢাকাগামী ফ্লাইট ভিকিউ-৯২২-এ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দরে আসেন জেসমিন আক্তার। বোর্ডিং পাস সংগ্রহের পর তিনি নিয়ম অনুযায়ী তার লাগেজ স্ক্যানিংয়ের জন্য জমা দেন।

 

নিরাপত্তা স্ক্যানিংয়ের সময় সিভিল এভিয়েশনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তার একটি ল্যাপটপ ব্যাগে সন্দেহজনক কিছু লক্ষ্য করেন। বিষয়টি নিশ্চিত হতে ব্যাগটি আরও নিবিড়ভাবে পরীক্ষা করা হয়।

 

তল্লাশির একপর্যায়ে নিরাপত্তাকর্মী রাকেশ দে ব্যাগটির দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন অংশ শনাক্ত করেন। পরে ফোমের ভেতরে সেলাই করে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ব্যাগের ভেতর থেকে মোট ৯ হাজার ৮২৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকগুলো এমনভাবে লুকানো হয়েছিল যাতে সাধারণ তল্লাশিতে সহজে ধরা না পড়ে। তবে আধুনিক স্ক্যানিং প্রযুক্তি এবং নিরাপত্তাকর্মীদের সতর্কতার কারণে চালানটি শনাক্ত করা সম্ভব হয়।

 

ঘটনাস্থলেই জেসমিন আক্তারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

আটক নারী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত হারুন মিয়া এবং মা মৃত শাহেনা আক্তার।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তিকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 


সম্পর্কিত নিউজ