দিনাজপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, নারীসহ ৪ জন আটক

দিনাজপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, নারীসহ ৪ জন আটক
ছবির ক্যাপশান, দিনাজপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, নারীসহ ৪ জন আটক

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারীসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার (২৪ জুন) ভোরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করেন। পরে আনসার ও ভিডিপি সদস্যদের হাতে তুলে দেওয়া হলে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।

 

বিজিবি তাদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। আটক চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।

 

বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, প্রাথমিকভাবে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন নড়াইল জেলার কালিয়া পৌরসভার বাসিন্দা আবু বক্কর মোল্লা ও জাহানারা বেগম।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবির ধারণা, তারা এর আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন এবং পরে দিনাজপুরের বনতারা গিলাবাড়ি সীমান্ত ব্যবহার করে দেশে ফেরার চেষ্টা করেন।

 

স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় দেখতে পেয়ে সন্দেহ হলে আটক করেন এবং বিষয়টি বিজিবি ও আনসার সদস্যদের জানান। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয়।

 

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিরা কী উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন এবং কেন এই সীমান্ত পথ ব্যবহার করেছেন, তা বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে। তাদের সঙ্গে কোনো দালাল চক্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হবে।

 

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও দালাল চক্রের তৎপরতা রোধে বিজিবি নিয়মিত নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয় প্রশাসনও সীমান্তবর্তী জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
 


সম্পর্কিত নিউজ