বর্তমানে দেশের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলারঃ সংসদে অর্থমন্ত্রী

বর্তমানে দেশের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলারঃ সংসদে অর্থমন্ত্রী
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক তারকাচিহ্নিত প্রশ্নের উত্তরে বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ও ঋণ ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আমীর খসরু জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে ৭৮,০৬৭.২০ মিলিয়ন (প্রায় ৭৮.০৬ বিলিয়ন) মার্কিন ডলারে।

 

সাংসদ রুমিন ফারহানা অর্থমন্ত্রী বরাবর জানতে চান “বর্তমানে বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ কত? এই ঋণ পরিশোধে এই পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত কোনো ঋণ পরিশোধ করেছে কিনা; করলে, তা কী?”

 

জবাবে ঋণের পরিমাণ উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, “বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০.৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।“ এসময় বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারাবছর ‘পরিশোধ সূচি’ অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে বলে নিশ্চিত করেন অর্থমন্ত্রী আমীর খসরু।

 

বাজেট বরাদ্দ বিষয়ে অর্থমন্ত্রী উল্লেখ করেন যে, ‘অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি অর্থবছর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সে পরিমাণ অর্থ ঋণ পরিশোধ বাবদ বাজেটে সংস্থান রাখা হয়।‘


সম্পর্কিত নিউজ