ঈদে শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর

ঈদে শিক্ষার্থীদের জন্য  বিভাগীয় শহরে বাসের আবেদন জকসুর
ছবির ক্যাপশান, জাগরণ ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন করেছে।

রোববার (১০ মে) জকসু ভিপি মোঃ রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক আবেদনের মাধ্যমে এ প্রস্তাব উপাচার্যের নিকট আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।

 

আবেদনে বলা হয়, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রুটে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। একই সঙ্গে বাড়তি ভাড়া আদায়, টিকিট সংকট এবং যাত্রাপথে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে শিক্ষার্থীদের প্রতি বছর চরম ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে দূরপাল্লার যাত্রায় অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং অতিরিক্ত অর্থ ব্যয় করে বাড়ি ফিরতে হয়। ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশেষ বাস সার্ভিস চালু করা সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করা হয়।

 

আবেদনে আরও বলা হয়, ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন বিভাগীয় শহরে বিশেষ বাস সার্ভিস চালু করা হলে শিক্ষার্থীরা নিরাপদে, কম খরচে এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন। তাই ঈদুল আযহা উপলক্ষে শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

 

এ বিষয়ে জকসু ভিপি মোঃ রিয়াজুল ইসলাম বলেন, তারা ইতোমধ্যে উপাচার্যের সঙ্গে আলোচনা করেছেন। উপাচার্য জানিয়েছেন, বিষয়টি নিয়ে দ্রুত সভা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। তিনি শিক্ষার্থীদের স্বার্থে প্রস্তাবটিকে ইতিবাচকভাবে দেখছেন। অতীতেও এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হয়েছিল বলে এবারও শিক্ষার্থীদের জন্য ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।


সম্পর্কিত নিউজ