{{ news.section.title }}
ডুয়েটে ভর্তির আবেদন শুরু, জেনে নিন বিজ্ঞপ্তির বিস্তারিত
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের ভর্তি আবেদনের জন্য প্রার্থীদের ১ হাজার ৫০০ টাকা ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ ১২ মে (মঙ্গলবার) থেকে এবং এটি চলবে আগামী ২২ জুন পর্যন্ত।
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম পরীক্ষা কমিটি-২০২৬ (২০২৫–২৬) এর সভাপতি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর বিভিন্ন অনুষদের অধীন বিভাগসমূহে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে। এই ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। এর জন্য আগ্রহী এবং উপযুক্ত বাংলাদেশি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
অনলাইন আবেদন ফরম পূরণ এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট https://admission.duetbd.org/ থেকে পাওয়া যাবে। আবেদন ফি ১,৫০০ টাকা রকেট, বিকাশ অথবা অগ্রণী এডুকেশন ফি পে সিস্টেমের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে প্রদান করতে হবে।
প্রার্থীর সাধারণ ও শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপভাবে নির্ধারণ করা হয়েছে-
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. প্রার্থীকে দেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসএসসি/দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেখানে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা ৫.০০ স্কেলে ন্যূনতম GPA 3.00 (ঐচ্ছিক বিষয়সহ) অর্জন করতে হবে।
৩. প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার অথবা ডিপ্লোমা-ইন-আর্কিটেকচার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেখানে গড়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা ৪.০০ স্কেলে ন্যূনতম CGPA 3.00 অর্জন করা আবশ্যক।
৪. ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার অথবা ডিপ্লোমা-ইন-আর্কিটেকচার পরীক্ষায় ২০২৪ সাল বা তার পরবর্তী সময়ে উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সেক্টর কর্পোরেশনে শিক্ষকতাসহ অন্যান্য নির্ধারিত পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এই সময়সীমার শর্ত প্রযোজ্য হবে না।
৫. ভর্তি পরীক্ষা ২০২৬ (শিক্ষাবর্ষ ২০২৫–২৬) এর প্রসপেক্টাস অনুযায়ী ৪(ক) ছকে উল্লেখিত বিভাগসমূহে আবেদন করা যাবে।
৬. কোনো প্রার্থী একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাইলে তাকে আলাদা আলাদা আবেদন করতে হবে। তবে যেসব প্রার্থী ME/IPE/MME বিভাগে আবেদন করবেন, তাদের জন্য একটি মাত্র আবেদন করতে হবে এবং সেখানে পছন্দক্রম অনুযায়ী বিভাগ নির্বাচন করতে হবে।
৭. চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন নিয়ে আবেদন করতে হবে।
অনলাইন নির্দেশনা অনুসরণ করে রকেট, বিকাশ অথবা অগ্রণী এডুকেশন ফি পে-এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করার পর প্রার্থীরা ১২ মে (মঙ্গলবার) সকাল ৮টা থেকে ২২ জুন (সোমবার) বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবে।