রাবিতে লিচুর পর এবার আম পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

রাবিতে লিচুর পর এবার আম পৌঁছে দিলেন হল সংসদের নেতারা
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ আবাসিক শিক্ষার্থীদের মাঝে আম পৌঁছে দিয়েছেন জিয়াউর রহমান হল সংসদের নেতৃবৃন্দ। বুধবার (২০ মে) হল এলাকার গাছ থেকে আম সংগ্রহ করে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে সমানভাবে বণ্টন করা হয়। এ উদ্যোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী হল সংসদের এ ব্যতিক্রমী উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

আম বণ্টনের বিষয়ে জিয়াউর রহমান হলের সহ-সভাপতি মোজাম্মেল হক বলেন, “আমাদের হলের পাশে অনেকগুলো আমগাছ রয়েছে। কিন্তু বিভিন্ন কারণে হলের অধিকাংশ শিক্ষার্থীই সেই গাছগুলোর আম খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই জিয়া হল সংসদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমগুলো খাওয়ার উপযোগী হলেই সেগুলো পেড়ে সকল শিক্ষার্থীর মাঝে সমানভাবে বণ্টন করা হবে। আমরা সেটা করতে পেরেছি।” তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, “এটি কোনো আনুষ্ঠানিকতা নয় বরং আমাদের নৈতিক দায়িত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যের জায়গা থেকেই করা একটি ছোট উদ্যোগ।” হল সংসদের নেতারা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। তারা মনে করেন, ছোট ছোট উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে।

 

হলের আবাসিক শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, “এর আগে দেখা যেত হলের আম যে যার মতো পেড়ে খেয়ে ফেলছে। কিন্তু এবার হল সংসদের নেতারা যে উদ্যোগটা নিয়েছে তা অবশ্যই প্রশংসনীয়। আম খেতে পারার চেয়ে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ তা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে।” তিনি আরও বলেন, এমন পরিকল্পিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।

 

হল প্রভোস্ট ড. মো. মাহবুবার রহমান বলেন, “এটি অবশ্যই প্রশংসনীয় কাজ। হল সংসদের প্রতিনিধিরা আমাকে বলেছিল আমগুলো যদি আমরা রক্ষা করতে পারি তাহলে প্রত্যেক ছাত্রের মাঝে বিতরণ করতে পারবো।” তিনি জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ না হয়ে গেলে আমগুলো আরও পরিপক্ব অবস্থায় শিক্ষার্থীদের মাঝে পৌঁছানো যেত। এরপরও আমগুলো যত্নের সঙ্গে সংরক্ষণ করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, এর আগে জনবল সংকটের কারণে ছাত্রদের মাঝে আম পৌঁছে দেওয়া সম্ভব হতো না। আমরা চেষ্টা করবো পরবর্তীতেও আমগুলো সঠিকভাবে সংরক্ষণ করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে।

 

উল্লেখ্য, এর আগে বিজয় ২৪ এবং মতিহার হল সংসদের নেতাদের উদ্যোগে প্রত্যেক আবাসিক শিক্ষার্থীর মাঝে সমানভাবে লিচু বণ্টন করা হয়।


সম্পর্কিত নিউজ