চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট: চীনকে আধা একর জমি দেবে বিশ্ববিদ্যালয়

চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট: চীনকে আধা একর জমি দেবে বিশ্ববিদ্যালয়
ছবির ক্যাপশান, চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট: চীনকে আধা একর জমি দেবে বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে চীন সরকারকে আধা একর জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের অর্থায়ন ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সহায়তায় প্রতিষ্ঠিত হতে যাওয়া এই ইনস্টিটিউটের মাধ্যমে চবি শিক্ষার্থীরা চীনা ভাষা ও সংস্কৃতি শেখার সুযোগ পাবে, পাশাপাশি চীনা শিক্ষার্থীরাও বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন, এটি দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতাকে নতুন মাত্রা দেবে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপাচার্য দপ্তরে কনফুসিয়াস ইনস্টিটিউটের কার্যক্রম চালু, পরিচালনা কাঠামো, শিক্ষার্থী বিনিময় এবং নীতিমালা প্রণয়ন নিয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ইব্রাহিম হোসেন।

 

মতবিনিময় সভায় চীনা প্রতিনিধি দল কনফুসিয়াস ইনস্টিটিউটের অবকাঠামো নির্মাণ, শিক্ষক নিয়োগ, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং প্রশাসনিক কাঠামো সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করে। তারা জানান, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে চীন সরকার অর্থায়ন করবে এবং উভয় দেশের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের সুযোগ তৈরি হবে।

 

সভায় উপাচার্য বলেন, এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চীনা ভাষা শেখার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের দক্ষতা বাড়াতে পারবে। একই সঙ্গে চীনা শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা শেখার সুযোগ তৈরি হবে, যা দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।

 

মতবিনিময় শেষে চীনা প্রতিনিধি দলকে ক্যাম্পাস পরিদর্শন করানো হয় এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের সম্ভাব্য অস্থায়ী অফিস ঘুরে দেখা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সৌজন্য উপহার বিনিময় এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

চীনা প্রতিনিধি দলে ওয়াং কুন, লি জিং জুন, জিয়া ওয়াংয়েই ও জেও রুইহং উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে চীন সরকার, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে চীনা ও বাংলা ভাষা-সংস্কৃতি শেখানো হবে। এই প্রকল্পের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় চীনকে আধা একর জমি প্রদান করবে এবং চীন সরকার ইনস্টিটিউটের অবকাঠামো নির্মাণে অর্থায়ন করবে।
 


সম্পর্কিত নিউজ