দেশসেরা তরুণ কলামিস্ট নির্বাচিত হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাবিবুল্লাহ বাহার

দেশসেরা তরুণ কলামিস্ট নির্বাচিত হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাবিবুল্লাহ বাহার
ছবির ক্যাপশান, জাগরণ ছবি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের মার্চ মাসের 'সেরা কলামিস্ট' নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহার। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, সারা দেশে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২২টি শাখা রয়েছে। এসব শাখার শত শত তরুণ লেখক নিয়মিত দেশের জাতীয় দৈনিকগুলোতে সামাজিক সমস্যা, আলোচিত ইস্যু ও সমসাময়িক রাজনীতি নিয়ে কলাম লেখেন। তাদের মধ্য থেকেই লেখনীর মান ও প্রাসঙ্গিকতা যাচাই করে মার্চ মাসের দেশসেরা কলামিস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবুল্লাহ বাহারকে। এর আগে, গত ফেব্রুয়ারি মাসে তিনি সংগঠনটির রাবি শাখার সেরা লেখকও নির্বাচিত হয়েছিলেন।

 

লেখালেখির পাশাপাশি ছাত্রনেতৃত্বেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই তরুণ। রাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ শহীদ জিয়াউর রহমান হলের নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই পদে একক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে রাকসু নির্বাচনে একমাত্র তিনিই বিজয়ী হয়েছেন।

 

নিজের এমন জোড়া অর্জনে উচ্ছ্বসিত হয়ে মো.হাবিবুল্লাহ বাহার বলেন, "ছাত্র রাজনীতি থেকে শুরু করে দেশীয় রাজনীতি নিয়ে আমি সবসময় সচেতন। সেই জায়গা থেকেই রাকসু নির্বাচনও করেছিলাম। রাষ্ট্রযন্ত্রের ভেতরের বিভিন্ন জটিলতা ও সমসাময়িক রাজনীতির ওপর কলাম লিখে সেরা লেখক হয়েছি। আলহামদুলিল্লাহ, এই অর্জনে আমি গর্বিত যে, আমার ভার্সিটিকে আমি জাতীয় পর্যায়ে রিপ্রেজেন্ট করতে পেরেছি।"

 

তার এই সাফল্যে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার সভাপতি জসিম উদ্দিন বলেন, "বাহার অত্যন্ত সাংগঠনিক ও একজন চমৎকার কলামিস্ট। এরই মধ্যে তার অনেক পাঠক তৈরি হয়েছে। লেখালেখি ও নেতৃত্বের এক অপূর্ব সমন্বয় তার মধ্যে পরিলক্ষিত হয়। আমরা রাবি লেখক ফোরাম তার এই অর্জনে অত্যন্ত গর্বিত।"


সম্পর্কিত নিউজ