স্মৃতি, গান আর আবেগে ইবির লালন শাহ হলে বিদায়ের সন্ধ্যা

স্মৃতি, গান আর আবেগে ইবির লালন শাহ হলে বিদায়ের সন্ধ্যা
ছবির ক্যাপশান, জাগরণ ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে হলের টিভি কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্মৃতিময় মুহূর্তগুলোকে ধারণ করে শিক্ষার্থীরা সম্মিলিত গানের সুরে বিদায় জানান একে অপরকে। লালনের গান ও একক কৌতুক পরিবেশনা অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

 

অনুষ্ঠানে হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, হলের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ।

 

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের দীর্ঘ সময়ের স্মৃতিচারণ করেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী আবেগপ্লুত হয়ে বলেন, “লালন শাহ হল আমাদের কাছে কেবল একটি আবাসন নয়- এটি একটি পরিবার। এখান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ আমাদের আগামীর পাথেয় হয়ে থাকবে।”

 

হলটির প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, তোমাদের বিদায়ের শূন্যতা লালন শাহ হল অনুভব করবে। হলের বিভিন্ন অনুষ্ঠানে তোমরাই ছিলে অগ্রজ। তোমাদের পরবর্তী জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

 

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষাজীবনে দুই জায়গায় আনন্দ পাওয়া যায়- এক, ‘ক্লাসরুম’ অন্যটি ‘আবাসিক হল’। নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা ও সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরির সুযোগ পাওয়া যায় হল লাইফে। যেহেতু এই হলটি ২০ বছর অতিক্রম করেছে, সুতরাং এলামনাই গঠন করা যায়। বিদায় নিয়ে সবাই শিক্ষিত পরিচয় দিবে কিন্তু আমার ছাত্ররা সুশিক্ষিত হবে।

 

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সার্টিফিকেট অর্জন করে জীবনে একটি সাকসেস-এর সিঁড়ি অতিক্রম করেছো, পরবর্তীতে পৃথিবীকে সুন্দর করার দায়িত্ব নিতে পারো। ছোটবেলা থেকে তোমাদের মা-বাবা আগলে রেখেছেন, তোমরা প্রফেসনাল লাইফে গিয়ে সেই মা-বাবাকে ভুল যাবেন না। কুরআনের বাণী মতে- তাদের সঙ্গে এমন আচরণ করো না, যাতে তারা ‘উফ্’ বলে।

 

শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে হলের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এবং আমন্ত্রিত অতিথিদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


সম্পর্কিত নিউজ