{{ news.section.title }}
জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পর মারলেন ছাত্রদল নেত্রী, ফেসবুকে স্বীকারোক্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পর মারার অভিযোগ উঠেছে ছাত্রদল নেত্রী এবং জকসুতে ছাত্রদল প্যানেলের হল সংসদের জিএস পদপ্রার্থী সাদিয়া সুলতানা নেলির বিরুদ্ধে।
বুধবার (২৯ এপ্রিল) আন্তঃ বিশ্ববিদ্যালয় ৮ম ইনডোর গেমস বাছাই পর্ব প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে অভিযোগকারী জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম বলেন, এই ঘটনার সূত্রপাত হয়েছে ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে। ক্যারাম বোর্ড খেলায় দুটি দল ফাইনালে উঠেছে। নিয়ম অনুযায়ী দুটি দল একই ডিপার্টমেন্টের হতে হয়। যেহেতু আন্তঃবিশ্ববিদ্যালয় পর্বের খেলা চলছিল। দুটি দল ফাইনালে ওঠার পর ক্রীড়া কমিটির সদস্যদের আমি বলেছি, দুজনকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা যায় কি না। কিন্তু নেলি আপু খেলা ছাড়াই চ্যাম্পিয়ন ঘোষণা করার দাবি করতে থাকেন। না হলে ভিসি স্যারকে ফোন দেওয়ার হুমকি দেন।
অন্যদিকে, অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলি তার ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে থাপ্পর মারার বিষয়টি স্বীকার করে ক্রীড়া সম্পাদকের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলেন ।
পোস্টে তিনি লেখেন, মিস্টার জর্জিস আনোয়ার নাঈম (ক্রীড়া সম্পাদক জকসু) এর পর থেকে খেলায় স্বজনপ্রীতি করলে এর চেয়ে বেশি থাপ্পড় খাবেন। এখন তো শুধু একটা দিছি।” পোস্টে তিনি দাবি করেন,তার কাছে স্বজনপ্রীতির প্রমাণ রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দুটি দলকে একসাথে চ্যাম্পিয়ন করার চেষ্টা করা হচ্ছিল,যা অনিয়ম।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সদস্য সচিব শাহিন মিয়া বলেন, জকসুর ক্রীড়া সম্পাদক কে শারীরিক আঘাত ও লাঞ্ছনার তীব্র নিন্দা জানাই। সেই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।
এদিকে ঘটনার নিন্দা জানিয়ে জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদককে শিক্ষকদের সামনেই আঘাত করেছেন ছাত্রলীগ থেকে পুনর্বাসিত ছাত্রদল নেত্রী নেলি। এর আগেও বিভিন্ন ক্যাম্পাসে তারা এ ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে। মূলত এভাবেই একের পর এক অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করা হচ্ছে সারা দেশে। আমরা ইতোমধ্যে প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেছি। অতি দ্রুত এই ঘটনার সঠিক তদন্ত করে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।