‎জাবিতে রসায়ন বিভাগে ‘Masters Research Showcase–2026’ অনুষ্ঠিত

‎জাবিতে রসায়ন বিভাগে ‘Masters Research Showcase–2026’ অনুষ্ঠিত
ছবির ক্যাপশান, জাগরণ ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগে প্রথমবারের মতো ‘Masters Research Showcase-2026’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন ও একাডেমিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানান, “Where Research Speaks Visually” প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন শিক্ষার্থীদের গবেষণা উপস্থাপনার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় বিভাগের গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানসম্মত গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে রসায়ন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের আদলে এ ধরনের পোস্টার প্রেজেন্টেশন আয়োজন সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীরা গবেষণায় উৎসাহিত হবে এবং বিশ্ববিদ্যালয়ে চলমান গবেষণা সম্পর্কে জানার সুযোগ পাবে। তিনি অন্যান্য বিভাগকেও এ ধরনের আয়োজন অনুসরণের আহ্বান জানান।



‎অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলে পোস্টার প্রেজেন্টেশন, যেখানে ২১ জন মাস্টার্স থিসিস শিক্ষার্থী তাদের গবেষণার ফলাফল উপস্থাপন করেন। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ছিল মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি।


‎দুপুর ২টা থেকে রসায়ন বিভাগের গ্যালারিতে শুরু হয় আমন্ত্রিত বক্তৃতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে সমন্বয়ক অধ্যাপক ড. মীর তামজীদ রহমান উদ্বোধনী বক্তব্য দেন এবং পরে স্বাগত বক্তব্য প্রদান করেন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব কবির।



‎আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব হেলসিংকির গবেষক ড. জাহির আহমদ এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (API Operations) ড. রাও উওয়াইস আহমদ খান। তাদের বক্তৃতায় গবেষণা, ক্যাটালাইসিস, গ্রিন কেমিস্ট্রি এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে। বিকাল সাড়ে ৩টায় পুরস্কার ঘোষণা করা হয় এবং সমাপনী বক্তব্য দেন রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আরজু মিয়া। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য নাস্তা পরিবেশন ও ফটোগ্রাফি সেশন অনুষ্ঠিত হয়।



‎এ বিষয়ে অনুষ্ঠানের সমন্বয়ক অধ্যাপক ড. মীর তামজীদ রহমান বলেন, রসায়ন বিভাগে প্রথমবারের মতো এ ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা তাদের গবেষণার ফলাফল পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেছে। এতে শিক্ষার্থীরা একে অপরের গবেষণা সম্পর্কে জানতে ও বুঝতে পারছে এবং তাদের মধ্যে নতুন গবেষণা ধারণা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।


‎তিনি আরও বলেন, উপাচার্যের উদ্বোধন ও প্রশংসা এ আয়োজনকে আরও উৎসাহিত করেছে। পাশাপাশি আমন্ত্রিত বক্তাদের অংশগ্রহণের মাধ্যমে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আয়োজকরা আশা করছেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং অন্যান্য বিভাগও এতে উদ্বুদ্ধ হবে।



‎উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহবুব কবির, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আরজু মিয়াসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত নিউজ