{{ news.section.title }}
পাহাড়ি ঢলে রেললাইন ক্ষতিগ্রস্ত, চবির শাটল ট্রেন চলাচল সাময়িক বন্ধ
দুপুর থেকে টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে চলমান ক্লাস ও পরীক্ষা কার্যক্রমের মধ্যে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. কামরুল ইসলাম জানান, বৃষ্টিজনিত পাহাড়ি ঢলের কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ২৮ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩টা ৩৫ মিনিটের শাটল ট্রেনের সময়সূচি থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে কাজ চলছে, তবে কখন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তিনি দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলেও জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী টিউশন, ব্যক্তিগত কাজ ও অন্যান্য প্রয়োজনে শহরে যাতায়াতের জন্য শাটল ট্রেনের ওপর নির্ভরশীল। ফলে এই ট্রেন চলাচল বন্ধ থাকায় তাদের দুর্ভোগ বেড়েছে।
এর আগে সোমবার থেকে বৃষ্টি শুরু হলেও মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা জলাবদ্ধতায় তলিয়ে যায়। একই সঙ্গে পাহাড়ি ঢলের কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়ে শাটল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীরা বিকল্প যাতায়াত ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। দ্রুত রেললাইন মেরামত করে শাটল ট্রেন চালু করার দাবি জানিয়েছেন তারা।