‎দোকানদখল ও চাঁদাবাজির অভিযোগকে ভিত্তিহীন বললেন, জাবি ছাত্রদল নেতা

‎দোকানদখল ও চাঁদাবাজির অভিযোগকে ভিত্তিহীন বললেন, জাবি ছাত্রদল নেতা
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের ৪১তম আবর্তনের সাবেক শিক্ষার্থী মো. সেলিম রেজা তার বিরুদ্ধে ওঠা দোকান দখল, চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। 

‎ লিখিত বক্তব্যে সেলিম রেজা অভিযোগ করেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভুয়া বা বট আইডি এবং কয়েকটি গণমাধ্যম তার বিরুদ্ধে একপাক্ষিক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। তার ভাষ্য অনুযায়ী, এসব তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

‎ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, ২ মে এক পরিচিত ব্যক্তির অনুরোধে তিনি প্রান্তিক এলাকার একটি দোকান ভাড়া সংক্রান্ত খোঁজ নিতে যান। সেখানে গিয়ে একটি খালি দোকান দেখে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি পরে প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

‎তিনি আরও বলেন, পরদিন আবার সেখানে গেলে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তার দাবি, এক দোকানদার তাকে জানায় যে, তাকে নাকি হুমকি দেওয়া হয়েছে শুধুমাত্র তাকে সেখানে নিয়ে যাওয়ার কারণে। বিষয়টি পরিষ্কার করতে তিনি পুনরায় সেখানে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

‎এ সময় তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার বক্তব্য, একজন ব্যক্তি তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং তিনি এর প্রতিবাদ জানান। তবে তিনি জোর দিয়ে বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বা দোকান দখলের চেষ্টার সঙ্গে তিনি জড়িত নন।

‎শহীদ আলিফ আহমেদ সিয়ামের পিতা বুলবুল কবীরের সঙ্গে কথোপকথনের বিষয়েও তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। তার দাবি, তিনি কোনো ধরনের অসম্মানজনক বা কটূক্তিমূলক মন্তব্য করেননি। বরং তিনি নিজেও জুলাই আন্দোলনের একজন অংশগ্রহণকারী হিসেবে শহীদ পরিবারের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেন।

‎সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, যদি তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন। প্রকাশিত সংবাদগুলোকে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ছড়াচ্ছে।

‎উল্লেখ্য, গত রোববার প্রান্তিক এলাকার মামা প্লাজায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে সেলিম রেজার বিরুদ্ধে শহীদ সিয়ামের পিতার সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে, যা নিয়ে ক্যাম্পাসে ব্যাপক আলোচনা শুরু হয়।


সম্পর্কিত নিউজ