{{ news.section.title }}
জাবিতে প্রথমবার ‘জাগসা জিওটক’ - ভূবিজ্ঞান নিয়ে দিনব্যাপী জ্ঞানচর্চা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন Jahangirnagar University Geological Sciences Alumni Association (JAGSA)-এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “জাগসা জিওটক” শীর্ষক ভূবিজ্ঞানভিত্তিক সেমিনার ও লেকচার সিরিজ।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং পেশাজীবীরা অংশ নেন।
দিনব্যাপী এই আয়োজনে ভূবিজ্ঞানের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়-হাইড্রোজিওলজি, নগর পরিকল্পনা এবং পেট্রোলিয়াম ভূতত্ত্ব-নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা প্রেজেন্টেশন ও আলোচনা করেন। কর্মসূচির শুরুতে এসব বিষয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে দেশের ভূবৈজ্ঞানিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরা হয়।
এ সময় বক্তারা বলেন, দেশের পানি সংকট, নগরায়ণ ও জ্বালানি অনুসন্ধানের মতো গুরুত্বপূর্ণ খাতে ভূবিজ্ঞানীদের দক্ষতা ও গবেষণার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। তারা শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ভূবৈজ্ঞানিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিপিএইচই-এর কনসালট্যান্ট হাইড্রোজিওলজিস্ট এবং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ইমরান মাহমুদ। তিনি ভূগর্ভস্থ পানির ব্যবস্থাপনা, টেস্ট টিউবওয়েল ও প্রোডাকশন ওয়েল নির্মাণ ও তত্ত্বাবধান বিষয়ে হাইড্রোজিওলজিক্যাল বিশ্লেষণ উপস্থাপন করেন।
এরপর জিএসবি’র পরিচালক (জিওলজি) এবং বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল কামাল টেকসই নগর উন্নয়নে ভূবৈজ্ঞানিক তথ্যের ব্যবহার নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভূতত্ত্ব) এবং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ড. মো. ফারহাদুজ্জামান তেল ও গ্যাস অনুসন্ধান ও ড্রিলিং প্রকল্পে পেট্রোলিয়াম ভূতত্ত্ববিদদের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এমন আয়োজনের মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হয় এবং পেশাজীবীদের অভিজ্ঞতা থেকে শেখার ক্ষেত্র উন্মুক্ত হয়। দিনব্যাপী আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।
আয়োজন সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মুখ্য ভূতত্ত্ববিদ ড. মোহাম্মদ রাজিব বলেন, “টেডটকের আদলে আমরা ‘জিওটক’ আয়োজন করেছি। এর মাধ্যমে ভূবৈজ্ঞানিক জাতীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি কার্যকর আলোচনা প্ল্যাটফর্ম তৈরি হবে। ভবিষ্যতে এই আয়োজন ভূতত্ত্ববিদদের একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিভাগের সভাপতি অধ্যাপক ড. হোসেন মো. সায়েম বলেন, এ ধরনের আয়োজন বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে জ্ঞান বিনিময় ও পেশাগত সংযোগ আরও শক্তিশালী করবে এবং বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।