শোকের সময়ে অজিতের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী বিজয়

শোকের সময়ে অজিতের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী বিজয়
ছবির ক্যাপশান, শোকের সময়ে অজিতের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী বিজয়

মা হারিয়ে শোকাহত দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। তার মা মোহিনী মণির মৃত্যুতে তামিল সিনেমা অঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। এই দুঃসময়ে অজিতের পাশে দাঁড়াতে তার বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়।

শনিবার সকালে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অজিত কুমারের মা মোহিনী মণি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়। পরিবারের বিবৃতিতে বলা হয়, মোহিনী মণি ছিলেন পরিবারের হৃদয় ও আত্মা। তার ভালোবাসা, শক্তি, প্রজ্ঞা ও মমতা পরিবারের সবার জীবনে গভীর প্রভাব রেখেছে।

 

মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর অজিত কুমার দ্রুত চেন্নাইয়ে ফিরে আসেন। তিনি তখন দেশের বাইরে ছিলেন বলে জানা গেছে। পরিবার এই শোকের সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে যারা ভালোবাসা ও সমবেদনা জানিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

 

অজিতের মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন। দক্ষিণি সিনেমার একাধিক তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব অজিত কুমার ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

এই শোকের মুহূর্তে অজিতের বাসায় যান মুখ্যমন্ত্রী বিজয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি অজিতের বাসায় পৌঁছান। গাড়ি থেকে নেমে তিনি অজিতকে জড়িয়ে ধরেন এবং তাকে সান্ত্বনা দেন। শোকাহত পরিবারের সঙ্গে কিছু সময় কাটিয়ে প্রয়াত মোহিনী মণির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

 

অভিনেত্রী তৃষা কৃষ্ণনকেও অজিতের বাসায় দেখা গেছে। তিনিও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিজয় ও তৃষার উপস্থিতির কয়েকটি ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তারা একই সময়ে একসঙ্গে গিয়েছিলেন কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

 

অজিত কুমার সাধারণত ব্যক্তিগত জীবনকে গণমাধ্যমের আলোচনার বাইরে রাখতে পছন্দ করেন। তাই তার পরিবারের এই শোকের সময়ে সহকর্মী ও ভক্তদের পক্ষ থেকেও সংযত আচরণের আহ্বান জানানো হচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই সময়ে অজিত ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করা উচিত।

 

মোহিনী মণি অজিত কুমারের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছিলেন বলে ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। অজিতের ব্যক্তিত্ব, মূল্যবোধ ও মানবিক কর্মকাণ্ডের পেছনে তার মায়ের ভূমিকার কথা ভক্তদের মধ্যেও প্রায়ই আলোচিত হয়। অজিত তার মায়ের নামে একটি কল্যাণমূলক উদ্যোগও চালু করেছিলেন, যা সামাজিক সচেতনতা ও মানবিক কাজে যুক্ত।

 

প্রয়াত মোহিনী মণির শেষকৃত্য চেন্নাইয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সেখানে পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন ও চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তার মৃত্যুতে দক্ষিণি সিনেমা অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।


সম্পর্কিত নিউজ