কলকাতায় স্ত্রীসহ আওয়ামী লীগের হেনস্থার শিকার মোশাররফ করিম

কলকাতায় স্ত্রীসহ আওয়ামী লীগের হেনস্থার শিকার মোশাররফ করিম
ছবির ক্যাপশান, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে কেন্দ্র করে ভারতের কলকাতায় একটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হয়েছে, কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলের সামনে তাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা মোশাররফ করিম কিংবা তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিষয়টি আলোচনায় আসে। ওই পোস্টে দাবি করা হয়, রাত ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকায় কস্তুরি হোটেলের সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় কিছু ব্যক্তি মোশাররফ করিমকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেন এবং তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

 

পোস্টে আরও বলা হয়, একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির আশঙ্কা তৈরি হয়। পরে আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে মোশাররফ করিমকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেন বলে দাবি করা হয়েছে।

 

তবে এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো পুলিশি বিবৃতি, প্রত্যক্ষদর্শীর স্বাধীন বক্তব্য বা সরকারি সূত্রের নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

ঘটনাটি সামনে আসার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা যায়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা রিফাত রশিদ নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার চেষ্টা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

তার পোস্টে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করার আহ্বানও জানানো হয়। একই সঙ্গে তিনি সতর্ক করেন, এ ধরনের ঘটনা দুই দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
 


সম্পর্কিত নিউজ