হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, দেড় মাসে প্রাণ গেল ২৪০ শিশুর

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, দেড় মাসে প্রাণ গেল ২৪০ শিশুর
ছবির ক্যাপশান, হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, দেড় মাসে প্রাণ গেল ২৪০ শিশুর

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিন শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৪২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ১৯৮ শিশুর মৃত্যু হলো।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল সকাল ৮টা থেকে শুক্রবার, ২৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১৭২ শিশু। একই সময়ে ১ হাজার ২১৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সাত শিশুর মধ্যে ছয়জন ঢাকা বিভাগের। বাকি এক শিশু সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

 

উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যেও ঢাকা বিভাগের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৮৬০ শিশুর মধ্যে ৩৬৩ জনই ঢাকা বিভাগের। একই সময়ে উপসর্গ নিয়ে ভর্তি থাকা ৭৯৯ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩৭৩ জন।

 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৫৪৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৭০৫ শিশু। এ পর্যন্ত ৪ হাজার ২৩১ শিশুর হাম শনাক্ত হয়েছে।

 

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া শিশুর সংখ্যা ১৬ হাজার ৫২৭। তবে মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের সময়মতো টিকা দেওয়া, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত শিশুকে আলাদা রাখাই সংক্রমণ নিয়ন্ত্রণে সবচেয়ে জরুরি।
 


সম্পর্কিত নিউজ