{{ news.section.title }}
যুবদের আগ্রহে ভারতে 'তেলাপোকা জনতা পার্টি'
মাত্র ৫ দিনে আরশোলাদের দল ফলোয়ার সংখ্যায় ভারতীয় জনতা পার্টিকে পেরিয়ে গেল৷ নিঃসন্দেহে ককরোচ জনতা পার্টি একটি বড়সড় ডিজিটাল যুব বিদ্রোহ। মোদী জমানায় সবচেয়ে বড়।
মানুষের কাছে এখনও সবচেয়ে বড় বিষয় তার আত্মসম্মান৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরাসরি ভারতীয় তরুণপ্রজন্মকে অপমান করেছেন৷ আরশোলা বলে গালি দিয়েছেন। সেই জায়গা থেকেই ককরোচ জনতা পার্টির এই উল্কাসদৃশ উত্থান৷ অপমানকেই নিজের পরিচয় বানিয়ে ফেলা৷
যে প্রবাসী ভারতীয় ছাত্রটি এই পেজ তৈরি করেছেন, তাঁকে দিয়ে এই উন্মাদনা বোঝা যাবে না৷ তিনি গুরুত্বপূর্ণ নন৷ গুরুত্বপূর্ণ হল কোটি কোটি তরুণ ভারতবাসীর ক্ষোভ। এই ক্ষোভ ভাষা পেয়েছে আরশোলাদের বক্তব্যে, যেখানে অন্য বেশ কিছু বিষয়ের সঙ্গে সরাসরি আদানি আম্বানি নিয়ন্ত্রিত মিডিয়ার বিরুদ্ধে স্পষ্ট বার্তা রয়েছে। গোদী মিডিয়ার মাথাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তদন্তের কথা বলা হয়েছে। বস্তুত আরশোলা পার্টি আবারও প্রমাণ করল, দানবিক পুঁজি নিয়ন্ত্রিত মেইনস্ট্রিম মিডিয়ার আর্শীবাদ ছাড়াও নিজেদের কথা বলা যায়, কোটি কোটি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়৷
ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কী হবে? তারা কি ভোটে লড়বে? এই বিপুল ডিজিটাল যুব বিদ্রোহ কি আন্না হাজারের আন্দোলনের মতোই দক্ষিণপন্থীদের হাতে যাবে? কংগ্রেস-সহ বিরোধীরা কীভাবে একে ডিল করবে? এটি কি বিজেপি- সংঘ পরিবারেরই একটি চাল?
আমার ধারণা কেন্দ্রীয় সরকার দ্রুত এই পেজ বন্ধ করে দেবে। ইতিমধ্যেই হ্যাক করার চেষ্টা চলছে। একবার পেজ বন্ধ হয়ে গেলে কি আদৌ আরশোলারা ফিরে আসতে পারবে? এখনও কিছুই নিশ্চিত নয়৷
কিন্তু তিনটি বিষয় দিনের আলোর মতো স্পষ্ট :
১) ভারতের তরুণ প্রজন্ম ক্ষুব্ধ। প্রবল ক্ষুব্ধ। এই ক্ষোভ কেবলমাত্র মোদী সরকারের বিরুদ্ধে নয়, গোটা ব্যবস্থার বিরুদ্ধে।
২) নবারুণের সেই কথা, কোথায় কখন কীভাবে বিস্ফোরণ হবে, তা জানতে রাষ্ট্রের এখনও বাকি আছে৷
৩) একুশ শতকের ভারতে বিদ্রোহের ভাষা অন্যরকম৷ রাজপথেই হোক বা ডিজিটাল পরিসরে- প্রতিবাদ হবে নতুন ভাষায়, নতুন আঙ্গিকে।
সরকার চায় না তরুণপ্রজন্ম রেগে উঠুক৷ বিশুদ্ধ, প্রাতিষ্ঠানিক বিদ্রোহীরা চান, রাগ হোক তাঁদের ম্যানুয়াল অনুযায়ী৷ কিন্তু প্রেমের মতো বিদ্রোহও কোনও ম্যানুয়াল মানে না৷ সে ভুল করে। ব্যর্থ হয়। কখনও প্রতিক্রিয়াশীল শক্তিকে সাহায্য করে ফেলে। নিজের আগুনে নিজেই পুড়ে যায়। আবার কখনও নতুন সম্ভাবনার দরজাও খুলে দেয়৷
লেখক: অর্ক ভাদুড়ি,পশ্চিমবঙ্গ