{{ news.section.title }}
ভারতের পাথর খনিতে ভয়াবহ ধস, নিহত ৭ শ্রমিক
ভারতের কর্নাটক রাজ্যের একটি পাথর খনিতে ভয়াবহ ধসে অন্তত সাত শ্রমিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাজ্যের মাদাপাট্টানা গ্রামে কাবেরী কোম্পানির মালিকানাধীন একটি খনিতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও প্রশাসনের তথ্য অনুযায়ী, খনির ওপরের অংশে খননকাজ চলাকালে একটি বিশাল পাথরখণ্ড আলগা হয়ে নিচে কর্মরত শ্রমিকদের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক নিহত হন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অন্যদের উদ্ধারে দ্রুত অভিযান শুরু করা হয়।
প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, দুর্ঘটনার সময় খনিতে প্রায় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। প্রায় ৪০ ফুট উঁচু থেকে বিশাল শিলাখণ্ড নিচে পড়ে শ্রমিকদের চাপা দেয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত শ্রমিকদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নিহত ও আহত শ্রমিকদের অধিকাংশই মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মাগাদি রোডসংলগ্ন এই পাথর খনিতে একটি দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের কোনো তথ্য পাওয়া যায়নি। মাটির ক্ষয় এবং পাথরের স্তর দুর্বল হয়ে যাওয়ার কারণেই এই ধসের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, খনিটি বিধি মেনে পরিচালিত হচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে রাজ্যজুড়ে পাথর খনি পরিচালনার জন্য নতুন নির্দেশিকা প্রণয়নের কথাও জানান তিনি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা বিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভারতে বিভিন্ন খনি ও নির্মাণ প্রকল্পে নিরাপত্তা ঘাটতির কারণে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি।