{{ news.section.title }}
পশ্চিমবঙ্গে ভোট শেষ হতেই বড় দাবি, ১১০ আসনে জিতবে বিজেপি বললেন অমিত শাহ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হতেই বড় জয়ের দাবি করেছে বিজেপি। দলটির শীর্ষ নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রথম দফায় ভোট হওয়া ১৫২ আসনের মধ্যে ১১০টির বেশি আসনে জিতবে বিজেপি।
শুক্রবার, ২৪ এপ্রিল নিউটাউনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। অমিত শাহ বলেন, সারারাত ভোটের বিশ্লেষণ করার পর বিজেপি এ হিসাব পেয়েছে। তার ভাষায়, বাংলায় এবার শুধু ভোট হয়নি, ভয় থেকে ভরসার দিকে মানুষের যাত্রা শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার, ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। এ দফায় ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটদানের হার ৯২ শতাংশের বেশি ছিল, যা সাম্প্রতিক সময়ের মধ্যে উল্লেখযোগ্য।
এই বিপুল ভোটার উপস্থিতিকে বিজেপি পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে। অমিত শাহ দাবি করেন, বহু বছর পর পশ্চিমবঙ্গে এমন পরিবেশ তৈরি হয়েছে, যেখানে ভোটাররা ভয়মুক্তভাবে ভোটকেন্দ্রে যেতে পেরেছেন।
তিনি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী ও পশ্চিমবঙ্গ পুলিশকে ধন্যবাদ জানান। প্রথম দফার ভোটে কেউ নিহত হয়নি বলেও উল্লেখ করেন তিনি। এটিকে তিনি রাজ্যের ভোট রাজনীতিতে বড় পরিবর্তনের লক্ষণ হিসেবে তুলে ধরেন।
ইভিএম বদলের অভিযোগ নিয়েও কথা বলেন বিজেপি নেতা। তিনি জানান, বিজেপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে এবং কমিশন বিষয়টি দেখবে বলে আশা করছেন।
অমিত শাহ বলেন, পরিবর্তন মানে শুধু সরকার বদল নয়। পরিবর্তন মানে দুর্নীতি দূর করা, সিন্ডিকেট রাজ শেষ করা এবং প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ সরিয়ে দেওয়া।
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগ এনে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে কাটমানি ও সিন্ডিকেট সংস্কৃতি বন্ধ করা হবে।
মুখ্যমন্ত্রী পদ নিয়েও বক্তব্য দেন অমিত শাহ। তিনি বলেন, নির্বাচনের পর বাংলায় জন্ম নেওয়া এবং বাংলামাধ্যমে পড়াশোনা করা একজন বাঙালিই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।
আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। ওই দফায় কলকাতা ও সংলগ্ন এলাকার ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা করা হবে ৪ মে।