প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) অবতরণ করে।

দুই দিনের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দরে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

 

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন।

 

সফরকালে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় প্রাধান্য পাবে।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এই সফরের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানো নিয়েও আলোচনা হতে পারে।

 

মালয়েশিয়া সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী রাতে এক সুধী সমাবেশে যোগ দেবেন। সেখানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেবেন।

 

গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করে দলটি। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর হওয়ায় কূটনৈতিক অঙ্গনে সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে।

 

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীন সফরে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সেখানে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

 


সম্পর্কিত নিউজ