{{ news.section.title }}
দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। চীন সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেইজিংয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এর আগে সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের একটি প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল ৯টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই সেশন শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা। সেশনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও শীর্ষ নেতারা অংশ নেন।
এতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রবাসীদের জন্য বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
প্ল্যানারি সেশনে বৈশ্বিক অর্থনীতি, উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী নেতারা টেকসই উন্নয়ন, বিনিয়োগ, প্রযুক্তিগত রূপান্তর এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও মতবিনিময় করেন। এসব আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চীন সফরের পরবর্তী ধাপে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ সফরে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি, জ্বালানি এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।