পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা কাল, আলোচনায় যেসব বিষয়

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা কাল, আলোচনায় যেসব বিষয়
ছবির ক্যাপশান, ফাইল ছবি

নবম জাতীয় পে-স্কেলের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ এবং কত ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সচিব কমিটির প্রাথমিক চিন্তাভাবনায় নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের বিষয়টি ছিল। তবে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে দ্রুত বেতন বৃদ্ধির দাবি ওঠায় এখন দুই ধাপে বাস্তবায়নের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সচিব কমিটির সভায় বিস্তারিত আলোচনা হবে।

 

সূত্রের তথ্য অনুযায়ী, যদি দুই ধাপে পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আগামী ১ জুলাই থেকেই কর্মকর্তা-কর্মচারীদের বেসিক বেতন শতভাগ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং সচিব কমিটির সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

 

শুধু বেসিক বেতন বৃদ্ধির বিষয় নয়, সভায় পে-কমিশনের সুপারিশের কতটুকু বাস্তবায়ন করা হবে, সেটিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। পে-কমিশন যে হারে বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল, তার কতটুকু বাস্তবে কার্যকর করা সম্ভব হবে, তা নিয়ে পর্যালোচনা করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এ ছাড়া বিভিন্ন ভাতা বাড়ানোর বিষয়ও সভার আলোচ্যসূচিতে রয়েছে। বাড়িভাড়া, চিকিৎসা, টিফিনসহ অন্যান্য ভাতা কতটা বৃদ্ধি করা হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

 

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, বুধবার সচিব কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে পে-স্কেলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

 

নাম প্রকাশ না করার শর্তে সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে বেসিক বেতন ৫০ শতাংশ বাড়ানো হবে, নাকি শতভাগ বৃদ্ধি করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

তিনি আরও বলেন, জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হলেও সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী অর্থ হাতে পেতে কর্মকর্তা-কর্মচারীদের দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। তবে সচিব কমিটির আসন্ন সভায় পে-স্কেলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।


সম্পর্কিত নিউজ