আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা
ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভবিষ্যৎ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে এবং আদালতের রায়ের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নির্ধারিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ বর্তমানে একটি নিষিদ্ধ কার্যক্রমসম্পন্ন রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হচ্ছে। দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। আদালত যদি অভিযোগের বিষয়ে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করে, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

 

তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের চলমান বিক্ষোভ, সমাবেশ ও কর্মসূচি মূলত প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান তুলে ধরছে।

 

তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের নৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে। তিনি দাবি করেন, দলটির পক্ষে বড় ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা নেই বলে সরকার মনে করে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী সরকার ব্যবস্থা গ্রহণ করছে।

 

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

 


সম্পর্কিত নিউজ