বাংলাদেশি কর্মী নিয়োগ প্রসঙ্গে যা জানালেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী

বাংলাদেশি কর্মী নিয়োগ প্রসঙ্গে যা জানালেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী
ছবির ক্যাপশান, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আর. রামানান

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও নৈতিক করতে বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় সুশাসন জোরদারের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির মানবসম্পদমন্ত্রী আর. রামানান বলেছেন, শ্রমিক নিয়োগে শোষণ, বৈষম্য এবং অস্বচ্ছ আর্থিক লেনদেন বন্ধে সরকার নতুন করে গুরুত্ব দিচ্ছে।

সোমবার এক বিবৃতিতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার সহযোগিতাকে আরও কার্যকর ও টেকসই করতে উভয় দেশই যৌথভাবে কাজ করবে। কর্মী নিয়োগ প্রক্রিয়াকে নৈতিক ও জবাবদিহিমূলক করার মাধ্যমে শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা হবে।

 

তিনি বলেন, মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমানে বাংলাদেশ দেশটির অন্যতম প্রধান শ্রমিক সরবরাহকারী দেশ হিসেবে বিবেচিত। তাই শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

 

আর. রামানান বলেন, বিদেশি কর্মীদের নিয়োগ ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করা হলে একদিকে যেমন শ্রমিকদের হয়রানি ও অতিরিক্ত ব্যয় কমবে, অন্যদিকে মালয়েশিয়ার শ্রমবাজারও আরও দায়িত্বশীল ও টেকসই হবে।

 

তিনি আরও বলেন, মানবসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা শুধু দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককেই শক্তিশালী করবে না, বরং শ্রমবাজারে স্বচ্ছতা ও আস্থাও বাড়াবে।

 

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা এবং অংশীদার দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এদিকে সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া আরও নিরাপদ ও লাভজনক করার বিষয়ে আলোচনা হয়।

 

বৈঠকে দুই দেশ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠনের বিষয়ে একমত হয়েছে। এই যৌথ কমিটি বর্তমান সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করবে এবং নতুন বাস্তবতার আলোকে একটি হালনাগাদ চুক্তির ভিত্তি তৈরি করবে।


সম্পর্কিত নিউজ