আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী
ছবির ক্যাপশান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আগামী তিন মাসের মধ্যে প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এর মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে।

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

 

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে বিদ্যমান শিক্ষক সংকট দূর করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এ লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে।

 

তিনি আরও জানান, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সমতাভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করতে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

 

মন্ত্রী বলেন, এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে যেসব বিষয়ের পাঠ্যক্রম ও বিষয়বস্তু একই, সেসব বিষয়ে একক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

 

তার মতে, এই উদ্যোগ পরীক্ষার মান ও স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সমান মূল্যায়নের পরিবেশ নিশ্চিত করবে।

 

শিক্ষাখাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বর্তমানে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে এবং ধাপে ধাপে জিডিপির তুলনায় শিক্ষায় ব্যয় বৃদ্ধি করা হবে।

 

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরে শিক্ষাখাতে জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী অর্থবছরে তা আরও বাড়িয়ে ৪ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

 


সম্পর্কিত নিউজ