মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়েও গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরে তারেক রহমান বলেন, তিনি মালয়েশিয়া সরকারের কাছে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার পুনরায় চালুর অনুরোধ জানিয়েছেন।

 

তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার অনুরোধ করেছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি।”

 

প্রধানমন্ত্রী জানান, উভয় দেশই একমত হয়েছে যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য এবং সাশ্রয়ী। এতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমবে এবং কর্মীদের বিদেশে যেতে অতিরিক্ত ব্যয় বহন করতে হবে না।

 

বক্তব্যের শুরুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আন্তরিক ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম অভিনন্দন বার্তা এবং প্রথম বিদেশ সফরের আমন্ত্রণ তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছ থেকেই পেয়েছিলেন।

 

আরও পড়ুন: বিমান ভাড়া কমালো মালয়েশিয়া

 

নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় আসতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, এই সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

 

বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি এবং সেমিকন্ডাক্টর খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

 

প্রধানমন্ত্রী জানান, দুই দেশ বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি সংস্কৃতি, বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে সহযোগিতা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ দলিল বিনিময়কে স্বাগত জানানো হয়েছে।

 

বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বর্তমান সরকার রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিদেশি বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

তিনি বলেন, “বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমি মালয়েশিয়ার ব্যবসায়ীদের এসব সুযোগ কাজে লাগানোর আন্তরিক আহ্বান জানাচ্ছি।”
 


সম্পর্কিত নিউজ