চাঁদাবাজির অভিযোগে আটক, মুচলেকা দিয়ে মুক্ত এমপিপুত্র

চাঁদাবাজির অভিযোগে আটক, মুচলেকা দিয়ে মুক্ত এমপিপুত্র
ছবির ক্যাপশান, চাঁদাবাজির অভিযোগে আটক, মুচলেকা দিয়ে মুক্ত এমপিপুত্র

চাঁদাবাজির অভিযোগে আটক হওয়ার পর মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীব। সোমবার (২২ জুন) তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে শনিবার (২১ জুন) রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

পুলিশ সূত্র জানায়, বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গিয়েছিল। সেই অভিযোগের বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছিল।

 

অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বলেন, সজীবের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

এদিকে আটকের পরপরই সাংগঠনিক ব্যবস্থা নেয় জাতীয়তাবাদী যুবদল। রোববার রাতে কেন্দ্রীয় যুবদলের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে খাইরুল ইসলাম সজীবকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
 


সম্পর্কিত নিউজ