বিশ্বজুড়ে মানবজাতির ওপর চলমান জুলুম-নির্যাতন বন্ধ হওয়া উচিত: গোলাম পরওয়ার

বিশ্বজুড়ে মানবজাতির ওপর চলমান জুলুম-নির্যাতন বন্ধ হওয়া উচিত: গোলাম পরওয়ার
ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

ফিলিস্তিন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে মানবজাতির ওপর চলমান জুলুম-নির্যাতন অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ২৬ জুন ‘নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, আধুনিক বিশ্বেও বিভিন্ন দেশে সাধারণ মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন ও সহিংসতা অব্যাহত রয়েছে। বিশেষ করে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে নারী, শিশু ও নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

 

তিনি বলেন, গাজাসহ বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ নিহত ও আহত হচ্ছেন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে ইরানের পরিস্থিতির কথাও উল্লেখ করে তিনি সাধারণ মানুষের জানমাল রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

 

বিবৃতিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তিনি দাবি করেন, সাবেক সরকারের শাসনামলে দেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক দমন-পীড়নের ঘটনা বৃদ্ধি পেয়েছিল।

 

আরও পড়ুন: ঢাকার আশপাশে একাধিক উৎপত্তিস্থল: বড় ভূমিকম্পের আশঙ্কা কতটা?

 

গোলাম পরওয়ার বলেন, দীর্ঘ সময় ধরে বিরোধী দলের নেতাকর্মী, আলেম-ওলামা, সাংবাদিক, আইনজীবী ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে গ্রেফতার, মামলা এবং হয়রানির ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, অনেক মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেক পরিবার এখনো তাদের স্বজনদের খোঁজ পাচ্ছে না।

 

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আহতদের অনেকেই এখনো চিকিৎসাধীন রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

 

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে একসময় বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছিল। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।

 

জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে তিনি বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত জনগোষ্ঠীর প্রতি সংহতি ও সমবেদনা জানান। পাশাপাশি জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং ওআইসিসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 


সম্পর্কিত নিউজ