যে ৫ কেন্দ্রে পাওয়া যাবে ভারতের ট্যুরিস্ট ভিসা

যে ৫ কেন্দ্রে পাওয়া যাবে ভারতের ট্যুরিস্ট ভিসা
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

 

তিনি জানান, প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর আইভ্যাক কেন্দ্রগুলো থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। পরিস্থিতি ও সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা কেন্দ্রেও এ সেবা সম্প্রসারণ করা হবে।

 

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ, পর্যটন ও পারস্পরিক সম্পর্ক আরও সহজ করতে ভারত সরকার পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

 

এর ফলে চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য জরুরি ভিসার পাশাপাশি সাধারণ ভ্রমণকারীরাও আবার ভারত ভ্রমণের সুযোগ পাবেন।

 

এদিকে ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়। একই সময়ে বাংলাদেশের বিভিন্ন শহরে অবস্থিত পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) হামলার মুখে পড়ে।

 

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তাজনিত ঝুঁকি এবং হাইকমিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর হামলার কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ।

 

তবে মানবিক বিষয় বিবেচনায় চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য জরুরি ভিসা কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয়নি। ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পরও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর ভিসা কেন্দ্রগুলো সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে গেছে।

 

বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে ভারতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের কথা বিবেচনা করে মেডিকেল ভিসা ইস্যু অব্যাহত রাখা হয়। বর্তমানে ভারত প্রতিদিন ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে দেড় হাজারেরও বেশি ভিসা ইস্যু করছে বলে জানিয়েছে হাইকমিশন।

 

ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর মাধ্যমে দীর্ঘ বিরতির পর বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের দরজা আবারও উন্মুক্ত হলো।


সম্পর্কিত নিউজ