পেনশন ভোগান্তি কমাতে সরকার ওপিটিএমএ চালু করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পেনশন ভোগান্তি কমাতে সরকার ওপিটিএমএ চালু করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশান, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

সরকারি চাকরি থেকে অবসরে যাওয়া কর্মচারীদের পেনশন সংক্রান্ত দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করেছে সরকার। এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পেনশন আবেদন, অনুমোদন ও অগ্রগতি পর্যবেক্ষণের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যাবে।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান।

 

বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

 

প্রতিমন্ত্রী বলেন, নতুন এই ব্যবস্থার মাধ্যমে পেনশনভোগীরা ডিজিটাল পদ্ধতিতে আবেদন জমা দিতে পারবেন এবং নিজেদের আবেদনের অগ্রগতি ঘরে বসেই পর্যবেক্ষণ করতে পারবেন। ফলে সরকারি দপ্তরে বারবার যাতায়াতের প্রয়োজন কমবে এবং সেবাপ্রাপ্তি আরও সহজ হবে।

 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন প্রক্রিয়ায় বিলম্ব, প্রশাসনিক জটিলতা এবং অপ্রয়োজনীয় অফিস যাতায়াতের মতো নানা সমস্যার সম্মুখীন হয়ে আসছেন। ওপিটিএমএস চালু হলে এসব সমস্যা অনেকাংশে দূর হবে।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, ডিজিটাল সেবার মাধ্যমে পেনশন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে দুর্নীতি ও অনিয়ম কমিয়ে দ্রুত সময়ে পেনশন সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

 

অনুষ্ঠানে শতভাগ পেনশন সমর্পণকারী পেনশনভোগীদের বিষয়েও বক্তব্য দেন তিনি। বর্তমানে বিদ্যমান বিধান অনুযায়ী, ১৫ বছরের পুনঃস্থাপন মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার পরিবার পেনশন পুনঃস্থাপনের সুবিধা পায় না।

 

এই নীতির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলেও মত দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি ন্যায্যতা নিশ্চিত করতে বিদ্যমান নীতিমালার পরিবর্তনের সুযোগ রয়েছে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী।
 


সম্পর্কিত নিউজ