{{ news.section.title }}
বাড়ল রুপার দাম, ভরি কত জানুন?
টানা তিন দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা।
শনিবার (২৭ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপা বা পিওর সিলভারের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপা বিক্রি হবে ৪ হাজার ৬৬৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।
এর আগে সবশেষ গত ২৫ জুন রুপার দাম কমিয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছিল ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ছিল ২ হাজার ৭৪১ টাকা। ওই মূল্যও কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকে।
সবশেষ এই সমন্বয়ের মাধ্যমে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম মোট ৫০ দফা পুনর্নির্ধারণ করেছে বাজুস। এর মধ্যে ২৫ বার দাম বেড়েছে এবং ২৫ বার কমেছে। অন্যদিকে ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং তিনবার হ্রাস করা হয়েছিল।
এদিকে রুপার পাশাপাশি একই দিনে স্বর্ণের দামও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৮২ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বাড়ানো হয়েছে, ৪০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার পুনর্নির্ধারণ করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার কমানো হয়েছিল।