{{ news.section.title }}
পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
বাংলাদেশের সাধারণ পাসপোর্টে নতুন নকশা যুক্ত করছে সরকার। এই নকশায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ (ওয়াটারমার্ক) হিসেবে সংযোজন করা হচ্ছে। একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন নিদর্শনও স্থান পাচ্ছে নতুন পাসপোর্টে।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাসপোর্টের ভেতরের পাতার বিদ্যমান জলছাপ পরিবর্তন করে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি সংযোজন করা হবে। বিশেষ করে ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জলছাপ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।
সরকারের অনুমোদিত নতুন নকশা অনুযায়ী, পাসপোর্টের বিভিন্ন পাতায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও জাতীয় স্থাপনার ছবি যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানামনগর এবং কার্জন হল।
এছাড়া দেশের প্রাকৃতিক ঐতিহ্য তুলে ধরতে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর এবং নীলগিরির দৃশ্য জলছাপ হিসেবে ব্যবহার করা হবে।
নতুন নকশায় জাতীয় প্রতীকগুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ এবং জাতীয় ফল কাঁঠালের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’**-ও স্থান পেয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য এই পাসপোর্ট বৈধ’ সংক্রান্ত ঘোষণাটি বহাল থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নকশা দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে নতুন নকশার পাসপোর্ট কবে থেকে ইস্যু শুরু হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।