জানা গেলো দেশে ডিজেলের মজুদের পরিমাণ

জানা গেলো দেশে ডিজেলের মজুদের পরিমাণ
ছবির ক্যাপশান, জানা গেলো দেশে ডিজেলের মজুদের পরিমাণ

দেশে জ্বালানি সরবরাহ নিয়ে কোনো তাৎক্ষণিক সংকট নেই-এমন আশ্বাস দিয়েছেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা। আগামী অন্তত দুই মাস জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন মনির হোসেন চৌধুরী।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। এর মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ মেট্রিক টন, অকটেন ৩১ হাজার ৮২১ মেট্রিক টন, পেট্রোল ১৮ হাজার ২১১ মেট্রিক টন এবং জেট ফুয়েল ৭৭ হাজার ৫৪৬ মেট্রিক টন।

 

তিনি বলেন, সরকার নিয়মিতভাবে জ্বালানির দাম সমন্বয় করে থাকে এবং এপ্রিল মাসেও সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আগামী মাসে দাম কী হবে, তা নির্ভর করবে আন্তর্জাতিক বাজার ও সামগ্রিক পরিস্থিতির ওপর।

 

ঢাকার কিছু পেট্রোল পাম্পে অতিরিক্ত ভিড় প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত ‘প্যানিক বায়িং’-এর ফল। তবে ঢাকার বাইরে এমন পরিস্থিতি নেই। গত বছরের মতোই একই পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে এবং সরবরাহে কোনো ঘাটতি নেই বলেও তিনি নিশ্চিত করেন।

 

শিল্প খাতের জ্বালানি নিয়েও কোনো উদ্বেগ নেই বলে জানান এই কর্মকর্তা। তার ভাষ্য অনুযায়ী, চাহিদা অনুযায়ী তালিকা ধরে ডিজেল সরবরাহ করা হচ্ছে এবং বেসরকারি খাতে ইতোমধ্যে ১৪ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

 

তিনি আরও উল্লেখ করেন, মার্চ ও এপ্রিল মাসে অপরিশোধিত তেল আমদানি করা সম্ভব হয়নি। তবে এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে সৌদি আরব থেকে বিকল্প রুটে নতুন চালান আসার কথা রয়েছে।

 

এছাড়া দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন জ্বালানি পরিশোধন করে, যা দেশের মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পূরণ করে।


সম্পর্কিত নিউজ