{{ news.section.title }}
জ্বালানি সংকটে বড় সিদ্ধান্ত, ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
দেশের জ্বালানি চাহিদা মেটাতে জরুরি ভিত্তিতে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বৈশ্বিক অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুমোদিত হয়।
জানা গেছে, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে মাজেদা অয়েল কোম্পানি লিমিটেডের কাছ থেকে ইএন৫৯০-১০ পিপিএম মানের এই ডিজেল আমদানি করা হবে।
সরকারি সূত্র বলছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই দ্রুত আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা মোকাবিলা এবং সম্ভাব্য সরবরাহ সংকট ঠেকাতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারের লক্ষ্য হলো দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত রাখা এবং অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতা বজায় রাখা।