টানা ১৩ দিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ১৩ দিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করতে যাচ্ছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এ কারণে আগামী রবিবার (১০ মে) থেকে ২৪ মে পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে পর্যায়ক্রমে প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কাজের সময় বিদ্যুৎ লাইনের নিরাপত্তা, কর্মীদের সুরক্ষা এবং সরবরাহ ব্যবস্থার স্বাভাবিকতা বজায় রাখার জন্য নির্দিষ্ট সময় বিদ্যুৎ বন্ধ রাখা প্রয়োজন বলে জানানো হয়।

 

নেসকোর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি নিয়মিত লোডশেডিং নয়; বরং ঈদের আগে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ঝুঁকিমুক্ত ও স্থিতিশীল রাখার অংশ হিসেবে পরিকল্পিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম। সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, বাজার, পানির পাম্প ও বাসাবাড়ির ব্যবহারকারীদের নির্ধারিত সময়সূচি দেখে প্রয়োজনীয় কাজ গুছিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

১০ মে, রবিবার
দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ মে, সোমবার
রাবি স্টেশন ফিডারের আওতাধীন জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকায় একই সময়ে বিদ্যুৎ থাকবে না।

১২ মে, মঙ্গলবার
সুগারমিল ফিডারের আওতাধীন কাটাখালী বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুল তলা ও বাইপাস এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১৩ মে, বুধবার
দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১৪ মে, বৃহস্পতিবার
মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১৬ মে, শনিবার
বনগ্রাম ফিডারের আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ থাকবে না।

১৭ মে, রবিবার
কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন বাংলা ট্রাক, পাহারপুর, কাপাশিয়া তালুকদারপাড়া ও সরদারপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১৮ মে, সোমবার
কাপাশিয়া ফিডারের আওতাধীন কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১৯ মে, মঙ্গলবার
বনগ্রাম ফিডারের আওতাধীন কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা) এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

২০ মে, বুধবার
কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২১ মে, বৃহস্পতিবার
কাপাশিয়া ফিডারের আওতাধীন কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২৩ মে, শনিবার
বিহাস ফিডারের আওতাধীন মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ থাকবে না।

২৪ মে, রবিবার
পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ শেষ করার চেষ্টা থাকবে। তবে আবহাওয়া, কারিগরি জটিলতা বা মাঠপর্যায়ের পরিস্থিতির কারণে কোনো কোনো এলাকায় সময়ের সামান্য পরিবর্তন হতে পারে। উন্নয়নকাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

 

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর। একই সঙ্গে নির্ধারিত দিন ও সময় দেখে বাসাবাড়ির পানি সংরক্ষণ, প্রয়োজনীয় ডিভাইস চার্জ, ব্যবসাপ্রতিষ্ঠানের কাজের পরিকল্পনা এবং জরুরি বিদ্যুৎনির্ভর সেবা আগে থেকে প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।


সম্পর্কিত নিউজ