{{ news.section.title }}
বিশ্বকাপ শুরুর আগেই ফিফার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক
২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। টিকিটের উচ্চমূল্য, ভিসা সংক্রান্ত জটিলতা এবং আয়োজক দেশগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা চলার মধ্যেই এবার নতুন এক সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামে দর্শকদের পুনঃব্যবহারযোগ্য পানির বোতল বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
ফিফার সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, বিশ্বকাপের কোনো স্টেডিয়ামেই দর্শকরা ব্যক্তিগতভাবে আনা পুনঃব্যবহারযোগ্য পানির বোতল প্রবেশ করাতে পারবেন না। এর আগে প্রকাশিত নির্দেশিকায় সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার স্বচ্ছ ও খালি প্লাস্টিক বোতল স্টেডিয়ামে নিয়ে যাওয়ার অনুমতি ছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই সুযোগও বাতিল করা হয়েছে।
নতুন নিয়ম প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এই সিদ্ধান্তকে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত কঠোর বলে মন্তব্য করেছেন। সমর্থকদের একাংশের দাবি, গরম আবহাওয়ায় দীর্ঘ সময় স্টেডিয়ামে অবস্থান করতে হলে সহজে পানির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি, সেখানে ব্যক্তিগত পানির বোতল নিষিদ্ধ করা দর্শকদের জন্য ভোগান্তি বাড়াতে পারে।
তবে ফিফা বলছে, এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ নিরাপত্তা। সংস্থাটির মতে, অতীতে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরে দর্শকদের ছোড়া বোতল বা অন্যান্য বস্তু মাঠের খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা এবং দর্শকদের জন্য ঝুঁকির কারণ হয়েছে। সম্ভাব্য এমন ঘটনা প্রতিরোধ এবং স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফিফা আরও জানিয়েছে, দর্শকদের প্রয়োজনীয় পানির চাহিদা পূরণে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে। বিভিন্ন ভেন্যুতে বিনামূল্যে পানির স্টেশন, কুলিং টেন্ট, মিস্টিং জোন এবং ফ্যান জোন স্থাপন করা হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী বোতলজাত পানি ক্রয়ের সুযোগও থাকবে।
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও আবহাওয়াবিদদের একাংশ এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ২০২৬ বিশ্বকাপের অনেক ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর এমনসব শহরে, যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক সময় ৩৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি পৌঁছে যায়। খোলা স্টেডিয়ামে দীর্ঘ সময় অবস্থান করলে দর্শকদের মধ্যে পানিশূন্যতা, হিট এক্সহসশন এবং হিট স্ট্রোকের ঝুঁকি তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শুধু খেলোয়াড় নয়, হাজার হাজার দর্শকের নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, পর্যাপ্ত পানি সরবরাহের পাশাপাশি দ্রুত ও সহজলভ্য পানির প্রবেশাধিকার নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় অতিরিক্ত গরমের সময় দর্শকদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
২০২৬ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল আসর হতে যাচ্ছে। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ। আয়োজকরা কয়েক মিলিয়ন দর্শকের উপস্থিতি প্রত্যাশা করছেন, যা এটিকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত করবে।
ফুটবল বিশ্লেষকদের মতে, নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে দর্শকদের মৌলিক প্রয়োজন এবং স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ফলে পানির বোতল নিষিদ্ধের এই সিদ্ধান্ত আগামী দিনগুলোতে আরও আলোচনা ও বিতর্কের জন্ম দিতে পারে। এখন দেখার বিষয়, সমর্থক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগের মুখে ফিফা ভবিষ্যতে এ নীতিতে কোনো পরিবর্তন আনে কি না।