যুক্তরাষ্ট্রের পর বিশ্বকাপ দল ঘোষণা করল কানাডা

যুক্তরাষ্ট্রের পর বিশ্বকাপ দল ঘোষণা করল কানাডা
ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের পর বিশ্বকাপ দল ঘোষণা করল কানাডা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ফিফা বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে সহ-আয়োজক কানাডা। প্রধান কোচ জেসে মার্শ ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে জায়গা পেয়েছেন নতুন প্রজন্মের একাধিক প্রতিভাবান খেলোয়াড়। ২০২২ কাতার বিশ্বকাপে খেলা ১৩ ফুটবলার এই দলে জায়গা ধরে রেখেছেন। বাকি ১৩ জন প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে ডাক পেয়েছেন।

দলের সবচেয়ে বড় নাম আলফোনসো ডেভিস। বায়ার্ন মিউনিখের এই তারকা ডিফেন্ডার চোটের কারণে বর্তমানে পুরোপুরি ফিট নন। তবুও তাকে স্কোয়াডে রেখেছেন কোচ জেসে মার্শ। কানাডার বিশ্বকাপ পরিকল্পনায় ডেভিসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। যদিও বিশ্বকাপে প্রথম ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তবে টুর্নামেন্টের কোনো এক পর্যায়ে তাকে মাঠে পাওয়ার আশা করছে কানাডা শিবির।

 

ডেভিসের পাশাপাশি দলে আছেন ফরোয়ার্ড জোনাথন ডেভিড। আক্রমণভাগে তার সঙ্গে রাখা হয়েছে প্রমিজ ডেভিড, সাইল লারিন ও তানি ওলুয়াসেয়ীকে। কানাডার গোলের দায়িত্বে এই ফরোয়ার্ড ইউনিটের ওপরই বড় আস্থা রাখছেন কোচ। বিশেষ করে জোনাথন ডেভিড সাম্প্রতিক বছরগুলোতে কানাডার আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন।

 

মিডফিল্ডে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় দেখা গেছে। স্টিফেন ইউস্তাকিও, তাজন বুকানন, ইসমায়েল কোনে, লিয়াম মিলার, জোনাথন ওসোরিও ও জ্যাকব শ্যাফেলবার্গদের উপস্থিতি কানাডার মাঝমাঠকে শক্তিশালী করেছে। বল দখল, দ্রুত আক্রমণ তৈরি এবং দুই প্রান্ত দিয়ে খেলা ছড়ানোর ক্ষেত্রে এই মিডফিল্ড ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

রক্ষণভাগে আলফোনসো ডেভিসের সঙ্গে রয়েছেন মোইসে বোম্বিটো, ডেরেক কর্নিলিয়াস, অ্যালিস্টেয়ার জনস্টন, রিচি লারিয়া, নিকো সিগুর ও জোয়েল ওয়াটারম্যান। রক্ষণে অভিজ্ঞতা ও গতি—দুই ধরনের বিকল্পই রেখেছেন কোচ মার্শ। গোলপোস্টের জন্য দলে রাখা হয়েছে ম্যাক্সিম ক্রেপো, ওয়েন গুডম্যান ও ডেন সেন্ট ক্লেয়ারকে।

 

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে কানাডা ১ জুন এডমন্টনে উজবেকিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৫ জুন মন্ট্রিয়লে আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। এই দুই ম্যাচে কোচ জেসে মার্শ দলীয় সমন্বয়, ফিটনেস ও সম্ভাব্য একাদশ যাচাই করার সুযোগ পাবেন।

 

গ্রুপ পর্বে কানাডা খেলবে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার এবং সুইজারল্যান্ড। ১২ জুন টরন্টোতে প্রথম ম্যাচ খেলবে কানাডা। এরপর ১৮ জুন ও ২৪ জুন ভ্যাঙ্কুভারে বাকি দুই ম্যাচে মাঠে নামবে তারা।

 

সহ-আয়োজক হিসেবে এবারের বিশ্বকাপ কানাডার জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ঘরের মাঠে সমর্থকদের সামনে ভালো পারফরম্যান্স দেখানোই দলটির প্রধান লক্ষ্য। কোচ জেসে মার্শের ভাষায়, এই দল কানাডার বিভিন্ন সম্প্রদায়, সংস্কৃতি ও ফুটবলযাত্রার প্রতিনিধিত্ব করছে। তাই বিশ্বকাপ মিশনে দলটি শুধু ফল নয়, দেশের ফুটবল পরিচয়ও তুলে ধরতে চায়।

 

কানাডার ২৬ সদস্যের বিশ্বকাপ দল

গোলকিপার: ম্যাক্সিম ক্রেপো, ওয়েন গুডম্যান, ডেন সেন্ট ক্লেয়ার।

 

ডিফেন্ডার: মোইসে বোম্বিটো, ডেরেক কর্নিলিয়াস, আলফোনসো ডেভিস, লুক ডি ফুগারোলেস, অ্যালিস্টেয়ার জনস্টন, আলফি জোন্স, রিচি লারিয়া, নিকো সিগুর, জোয়েল ওয়াটারম্যান।

 

মিডফিল্ডার: আলি আহমেদ, তাজন বুকানন, ম্যাথিউ চোইনিয়েরে, স্টিফেন ইউস্তাকিও, মার্সেলো ফ্লোরেস, ইসমায়েল কোনে, লিয়াম মিলার, জোনাথন ওসোরিও, নাথান সালিবা, জ্যাকব শ্যাফেলবার্গ।

 

ফরোয়ার্ড: জোনাথন ডেভিড, প্রমিজ ডেভিড, সাইল লারিন, তানি ওলুয়াসেয়ী।


সম্পর্কিত নিউজ