বিশ্বকাপ দেখানোর সুখবর পেল ভারত, আলোচনায় বাংলাদেশ

বিশ্বকাপ দেখানোর সুখবর পেল ভারত, আলোচনায় বাংলাদেশ
ছবির ক্যাপশান, ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। টুর্নামেন্ট শুরুর কাউন্টডাউন চলতে থাকলেও ভারতীয় দর্শকদের জন্য এসেছে বড় সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠান জি এন্টারটেইনমেন্ট। ফলে দেশটির কোটি কোটি ফুটবলপ্রেমী তুলনামূলক সহজ ও স্বল্প খরচে বিশ্বকাপ উপভোগ করার সুযোগ পাবেন।

সোমবার এক আনুষ্ঠানিক ঘোষণায় জি এন্টারটেইনমেন্ট জানায়, শুধু ২০২৬ ফিফা বিশ্বকাপই নয়, ২০৩৪ সাল পর্যন্ত ফিফার অধীনে আয়োজিত আরও ৩৮টি আন্তর্জাতিক টুর্নামেন্ট সম্প্রচারের অধিকারও তারা অর্জন করেছে। যদিও প্রতিষ্ঠানটি চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করেনি, তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্প্রচার চুক্তির সম্ভাব্য মূল্য ৩০ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে হতে পারে।

 

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম বৃহৎ দর্শকবাজার হিসেবে ভারতকে আরও শক্তভাবে নিজেদের সঙ্গে যুক্ত রাখতেই ফিফা দীর্ঘমেয়াদি এই সম্প্রচার চুক্তির পথ বেছে নিয়েছে। ক্রিকেটপ্রধান বাজার হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে ভারতে ফুটবলের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ফিফা বিশ্বকাপকে ঘিরে দেশটিতে দর্শকসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।

 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সম্প্রচার স্বত্ব বিক্রির ক্ষেত্রে শুরুতে ফিফা প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্য নির্ধারণ করেছিল। তবে বাজার পরিস্থিতি ও আলোচনার পর সেই মূল্য কমিয়ে প্রায় ৬০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়। এর ফলে জি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি চূড়ান্ত করা সম্ভব হয়েছে।

 

ভারতের পাশাপাশি চীনেও সম্প্রচার স্বত্ব নিয়ে বড় চুক্তি হয়েছে। গত ১৫ মে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘সিএমজি’ প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ২০২৬ বিশ্বকাপ সম্প্রচারের একচেটিয়া অধিকার কিনে নেয়। ফলে এশিয়ার দুই বৃহৎ বাজার ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে।

 

তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। দেশের কোনো টেলিভিশন চ্যানেল বা সম্প্রচার প্রতিষ্ঠান এখন পর্যন্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের স্বত্ব নিশ্চিত করতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশের জন্য সম্প্রচার স্বত্বের মূল্য তুলনামূলক অনেক বেশি হওয়ায় আগ্রহী প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে।

 

জানা গেছে, বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার স্বত্বের জন্য ফিফার সংশ্লিষ্ট পক্ষগুলো প্রায় ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার দাবি করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫১ কোটি টাকার কাছাকাছি। এর সঙ্গে ভ্যাট, অগ্রিম আয়কর এবং অন্যান্য সরকারি কর যুক্ত হলে মোট ব্যয় প্রায় ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।

 

সম্প্রচার খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের টেলিভিশন বাজারের আকার ও বিজ্ঞাপন আয়ের বাস্তবতা বিবেচনায় এত বড় বিনিয়োগ অনেক প্রতিষ্ঠানের জন্যই ঝুঁকিপূর্ণ। ফলে বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের সম্প্রচার স্বত্ব কেনা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতা রয়েছে।

 

তবে ফুটবলপ্রেমীদের আশা, শেষ পর্যন্ত কোনো না কোনো সম্প্রচার মাধ্যম কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম বিশ্বকাপের স্বত্ব কিনবে এবং বাংলাদেশি দর্শকরা সরাসরি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসর উপভোগের সুযোগ পাবেন। বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে-ভারত ও চীনের মতো বাংলাদেশেও কে দেখাবে ফুটবল বিশ্বকাপ।


সম্পর্কিত নিউজ