বিশ্বকাপে শোকের ছায়া, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

বিশ্বকাপে শোকের ছায়া, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু
ছবির ক্যাপশান, ফুটবলার লাউতারো ফাজিওলি

বিশ্ব ফুটবল যখন ২০২৬ বিশ্বকাপের উত্তেজনায় মুখর, ঠিক সেই সময় আর্জেন্টিনার সান্তা ফে অঞ্চলের ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। স্ট্রোকের পর প্রায় ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন তরুণ ফুটবলার লাউতারো ফাজিওলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর।

গত ১ জুন নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান লাউতারো ফাজিওলি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে  সান্তা ফের হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা করে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

 

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, অসুস্থ হওয়ার মাত্র একদিন আগেও তিনি সান্তা ফে কাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলেছিলেন। ম্যাচে স্বাভাবিক পারফরম্যান্সের পাশাপাশি সতীর্থদের সঙ্গে জয় উদযাপনেও অংশ নিয়েছিলেন। ফলে তার আকস্মিক অসুস্থতা পুরো দলকে হতবাক করে দেয়।

 

চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রায় তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

 

লাউতারোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব কোলন দে সান জাস্তো। এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, তাদের প্রথম বিভাগের এই ফুটবলারের মৃত্যু পুরো ক্লাব পরিবারকে শোকাহত করেছে। একইসঙ্গে তার পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

 

তরুণ এই ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাবের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া সান্তা ফে কাপের তৃতীয় রাউন্ডের নির্ধারিত ম্যাচেও অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

 

ক্লাব পরিচালক হোসে লুইস রেপেতো জানান, অসুস্থ হওয়ার আগের দিনও লাউতারোর মধ্যে কোনো ধরনের শারীরিক সমস্যার লক্ষণ দেখা যায়নি। তিনি বলেন, ম্যাচে খেলেছেন, জয়ের আনন্দ ভাগাভাগি করেছেন এবং স্বাভাবিকভাবেই সময় কাটিয়েছেন। তাই তার অসুস্থতার খবর সবাইকে বিস্মিত করেছে।

 

মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল একটি সম্ভাবনাময় ফুটবল ক্যারিয়ার। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন একজন পরিবারের মানুষ। মৃত্যুকালে তিনি এক বছর বয়সী একটি কন্যাসন্তান রেখে গেছেন।

 

লাউতারোর মৃত্যুতে শোক জানিয়েছে সান্তা ফে ফুটবল লিগও। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা তাদের ফুটবল পরিবারের একজন সদস্যকে হারিয়েছে। তার পরিবার, স্বজন এবং ক্লাবের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

 

আর্জেন্টিনার স্থানীয় ফুটবলে পরিচিত মুখ হয়ে উঠছিলেন লাউতারো ফাজিওলি। তার প্রতিভা ও পরিশ্রম নিয়ে অনেকেই আশাবাদী ছিলেন। কিন্তু জীবনের সবচেয়ে সুন্দর সময়েই হঠাৎ থেমে গেল তার পথচলা। এখন তাকে স্মরণ করছে সতীর্থ, কোচ, সমর্থক এবং পুরো আর্জেন্টাইন ফুটবল সমাজ।

 

বিশ্বকাপের উচ্ছ্বাসের মাঝেও এই মৃত্যু মনে করিয়ে দিল, ফুটবলের বাইরেও জীবন কতটা অনিশ্চিত। তরুণ এই ফুটবলারের অকাল প্রয়াণে আর্জেন্টিনার ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
 


সম্পর্কিত নিউজ