{{ news.section.title }}
রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যে দলগুলো
নাটকীয়তা, অঘটন আর রোমাঞ্চে ভরা গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপে। দীর্ঘ এক মাসের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে নির্ধারিত হয়েছে শেষ বত্রিশের ৩২টি দলের ভাগ্য। এবার প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো। তাদের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও নিশ্চিত করেছে শেষ বত্রিশের টিকিট।
নতুন ফরম্যাটের এই বিশ্বকাপে শেষ ম্যাচ পর্যন্ত জমে ছিল অনেক গ্রুপের লড়াই। কোথাও শেষ মুহূর্তের গোল বদলে দিয়েছে সমীকরণ, কোথাও আবার গোল ব্যবধান কিংবা হেড-টু-হেড ব্যবধান নির্ধারণ করেছে নকআউট পর্বের ভাগ্য। ফলে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগ পর্যন্ত বেশ কয়েকটি দলের সমর্থকদের অপেক্ষা করতে হয়েছে শেষ বাঁশি পর্যন্ত।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেয়। নতুন এই ফরম্যাটে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও নকআউট পর্বে জায়গা পাওয়ায় শেষ ম্যাচ পর্যন্ত টিকে ছিল উত্তেজনা। শেষ পর্যন্ত ৩২টি দল নিশ্চিত করেছে শেষ বত্রিশের টিকিট, আর বিদায় নিতে হয়েছে ১৬টি দলকে।
শেষ ৩২–এ জায়গা করেছে যে সব দল
গ্রুপ ‘এ’ - মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ ‘বি’ - সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া
গ্রুপ ‘সি’ - ব্রাজিল, মরক্কো
গ্রুপ ‘ডি’ - যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে
গ্রুপ ‘ই’ - জার্মানি, আইভরিকোস্ট ও ইকুয়েডর
গ্রুপ ‘এফ’ - নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন
গ্রুপ ‘জি’ - বেলজিয়াম, মিসর
গ্রুপ ‘এইচ’ - স্পেন, কেপ ভার্দে
গ্রুপ ‘আই’ - ফ্রান্স, নরওয়ে, সেনেগাল
গ্রুপ ‘জে’ - আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া
গ্রুপ ‘কে’ - কলম্বিয়া, পর্তুগাল, ডিআর কঙ্গো
গ্রুপ ‘এল’ - ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা
বিদায় নিয়েছে যে সব দল
হাইতি, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, কুরাসাও, নিউজিল্যান্ড, সৌদি আরব, ইরান, দক্ষিণ কোরিয়া, তিউনিসিয়া, পানামা, কাতার, জর্ডান, উরুগুয়ে, ইরাক, স্কটল্যান্ড, উজবেকিস্তান
রাউন্ড অব ৩২-এ কোন দলের প্রতিপক্ষ কারা, ম্যাচ কখন
২৮ জুন
কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা - রাত ১টা
২৯ জুন
ব্রাজিল বনাম জাপান - রাত ১১টা
জার্মানি বনাম প্যারাগুয়ে - রাত ২:৩০টা
৩০ জুন
নেদারল্যান্ডস বনাম মরক্কো - সকাল ৭টা
আইভরিকোস্ট বনাম নরওয়ে - রাত ১১টা
ফ্রান্স বনাম সুইডেন - রাত ৩টা
১ জুলাই
মেক্সিকো বনাম ইকুয়েডর - সকাল ৭টা
ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো - রাত ১০টা
বেলজিয়াম বনাম সেনেগাল - রাত ২টা
২ জুলাই
যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া - সকাল ৬টা
স্পেন বনাম অস্ট্রিয়া - রাত ১টা
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া - ভোর ৫টা
৩ জুলাই
সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া - সকাল ৯টা
অস্ট্রেলিয়া বনাম মিসর - রাত ১২টা
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে - ভোর ৪টা
৪ জুলাই
কলম্বিয়া বনাম ঘানা - সকাল ৭:৩০টা
গ্রুপ পর্বের লড়াই শেষে বিশ্বকাপ এখন প্রবেশ করেছে সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়ে। রাউন্ড অব ৩২-এ ওঠা দলগুলোর মধ্যে রয়েছে কয়েকটি সাবেক বিশ্বচ্যাম্পিয়নের পাশাপাশি বেশ কিছু চমক জাগানো দলও। পর্তুগাল-ক্রোয়েশিয়া, স্পেন-অস্ট্রিয়া, বেলজিয়াম-সেনেগাল কিংবা আর্জেন্টিনা-কেপ ভার্দের মতো ম্যাচগুলো নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
এবারের বিশ্বকাপে একাধিক আন্ডারডগ দল নকআউট পর্বে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছে। ডিআর কঙ্গো, কেপ ভার্দে ও বসনিয়ার মতো দলগুলো ইতিহাস গড়ে শেষ ৩২-এ উঠেছে। অন্যদিকে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো ফেবারিট দলগুলো শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইবে।
নকআউট পর্বে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে। তাই প্রতিটি ম্যাচই হয়ে উঠবে বাঁচা-মরার লড়াই। এখন দেখার বিষয়, কোন দল নিজেদের সেরাটা দেখিয়ে পরের ধাপে জায়গা করে নেয় এবং কারা বিশ্বকাপের স্বপ্ন শেষ করে বিদায় নেয়।