বাংলাদেশী সাংবাদিকদের কাছে উচ্ছ্বসিত ভালোবাসা প্রকাশ আর্জেন্টাইন গোলকিপারের

বাংলাদেশী সাংবাদিকদের কাছে উচ্ছ্বসিত ভালোবাসা প্রকাশ আর্জেন্টাইন গোলকিপারের
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি দেশের ফুটবলপ্রেমীদের সমর্থন দীর্ঘদিনের। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্বে দলটির প্রতি বাংলাদেশি সমর্থকদের আবেগ ও আগ্রহ আন্তর্জাতিক অঙ্গনেও বেশ আলোচিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থকগোষ্ঠীর বিষয়টি বিশ্বজুড়েই পরিচিতি পেয়েছে। এর আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও বাংলাদেশের সমর্থকদের কথা উল্লেখ করেছিলেন।

এবার বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপপর্ব অপরাজিত থেকে নকআউটে ওঠার পর ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন তিনি।

 

বাংলাদেশ নিয়ে উচ্ছ্বসিত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেন, ‘আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।’

 

২০২৩ সালে বাংলাদেশ সফরে এসে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস কাছ থেকে দেখেছিলেন মার্টিনেজ। রাজধানী ঢাকায় তার সেই সফর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত বাংলাদেশের সমর্থকদের আর্জেন্টিনার প্রতি সমর্থন ও ভালোবাসার প্রকাশ দেখতে পান তিনি।

 

বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও বাংলাদেশের সমর্থকদের কথা স্মরণ করেন এই গোলরক্ষক। তিনি বলেন, বাংলাদেশের মানুষের সমর্থন ও ভালোবাসা আর্জেন্টিনা দলের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

 

ম্যাচ শেষে মিক্সড জোনে নিজের প্রতিক্রিয়া জানানোর পর উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গেও আলাদা করে কথা বলেন এমিলিয়ানো। সেখানেই বাংলাদেশের প্রতি নিজের আবেগ ও ভালোবাসার কথা তুলে ধরেন তিনি।

 

মার্টিনেজ বলেন, ‘বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।’

 

তিনি আরও বলেন, ‘আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।’

 

আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস এর আগেও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় এসেছে। এবার সেই ভালোবাসার প্রতিদান দিলেন দলের অন্যতম তারকা ও বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।


সম্পর্কিত নিউজ