বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ের পর ফিফার বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা

বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ের পর ফিফার বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা
ছবির ক্যাপশান, বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ের পর ফিফার বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা

২০২৬ বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ের পর ফিফার বিরুদ্ধে ১০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী ইরানি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক কাভেহ লতফোল্লাহ আফরাসিয়াবি বৃহস্পতিবার (২ জুলাই) বোস্টনের একটি ফেডারেল আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ সংস্থাটির কয়েকজন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিশ্বকাপের গ্রুপ পর্বে মিশরের বিপক্ষে ইরানের একটি গুরুত্বপূর্ণ গোল ভিএআরের মাধ্যমে বিতর্কিতভাবে বাতিল করা হয়, যার ফলে দলটি নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়।

 

আফরাসিয়াবি আদালতের কাছে কোটি কোটি ইরানি ও ইরানি-আমেরিকান সমর্থকের পক্ষে ক্লাস-অ্যাকশন মামলা পরিচালনার অনুমতিও চেয়েছেন। তার দাবি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর ব্যবহারের মাধ্যমে নেওয়া সিদ্ধান্তটি ইরানের প্রতি অন্যায্য আচরণের উদাহরণ।

 

ম্যাচের অতিরিক্ত সময়ে শোজা খলিলজাদেহ একটি গোল করেন। তবে ভিএআর পর্যালোচনার পর সেটি অফসাইডের কারণে বাতিল করা হয়। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয় এবং ওই ফলাফলের ফলে ইরানের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়।

 

মামলায় আরও বলা হয়েছে, পুরো টুর্নামেন্টজুড়ে ফিফা ইরানের জন্য সমান ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। অভিযোগকারীর মতে, বিভিন্ন সিদ্ধান্তে ইরানের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।

 

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ম্যাচে ভিএআর পর্যালোচনার ভিত্তিতেই গোলটি বাতিল করা হয়েছিল। তবে সিদ্ধান্তটি নিয়ে ইরানি সমর্থকদের মধ্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

 

প্রতিবেদন লেখা পর্যন্ত ফিফার পক্ষ থেকে মামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। আদালত মামলাটি গ্রহণ করবে কি না এবং এটি ক্লাস-অ্যাকশন হিসেবে অনুমোদন পাবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
 


সম্পর্কিত নিউজ