ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চান স্পেনের কোচ

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চান স্পেনের কোচ
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এবার শিরোপার মঞ্চে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকেই দেখতে চান স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। এর পেছনে রয়েছে আবেগঘন একটি কারণও।

সেমিফাইনালে কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা নিশ্চিত করেছে ফাইনালের টিকিট। আক্রমণ ও রক্ষণে দুর্দান্ত ভারসাম্য রেখে পুরো ম্যাচে ফরাসিদের খুব বেশি সুযোগই তৈরি করতে দেয়নি স্পেন।

 

এখন তাদের অপেক্ষা দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের জয়ী দলই হবে স্পেনের ফাইনালের প্রতিপক্ষ।

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড-দুই দলই দুর্দান্ত। যে দলই ফাইনালে উঠুক, ম্যাচটি কঠিন হবে। আমার কাছে এই দুই সেমিফাইনালই আগাম ফাইনালের মতো।

 

তবে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলতে চাওয়ার পেছনে ব্যক্তিগত একটি কারণও তুলে ধরেন তিনি।

 

দে লা ফুয়েন্তে বলেন, ‘স্কালোনির সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। তাই আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলতে পারলে ভালো লাগবে। তবে ইংল্যান্ডও সমান শক্তিশালী প্রতিপক্ষ।’

 

স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনের কোচিং কার্যক্রমে কাজ করার সময় লিওনেল স্কালোনিসহ বর্তমান সময়ের বেশ কয়েকজন সফল কোচকে প্রশিক্ষণ দিয়েছিলেন দে লা ফুয়েন্তে। সেই সম্পর্ক এখনও অটুট।

 

এর আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও নিজের সাবেক প্রশিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। তিনি বলেন, দে লা ফুয়েন্তে এই সাফল্যের পুরোপুরি যোগ্য। তিনি একজন অসাধারণ মানুষ এবং সবসময় তাকে সহযোগিতা করেছেন।

 

ফলে আর্জেন্টিনা যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে, তাহলে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে দেখা যাবে এক ভিন্ন আবহ-গুরু বনাম শিষ্যের লড়াই। মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই কোচের দীর্ঘদিনের সম্পর্কও তখন আলোচনার কেন্দ্রে থাকবে।

 

এদিকে ফ্রান্সের বিপক্ষে জয়ে সন্তুষ্ট স্পেন কোচ বলেন, বিশ্বের অন্যতম সেরা একটি দলকে হারানো সহজ নয়। তার মতে, খেলোয়াড়দের শৃঙ্খলা, আত্মত্যাগ, দলীয় সমন্বয় এবং প্রতিভার কারণেই স্পেন আবারও বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরেছে।


সম্পর্কিত নিউজ