২০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বান্দরবানের দেবতাখুম পর্যটনকেন্দ্র

২০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বান্দরবানের দেবতাখুম পর্যটনকেন্দ্র
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম আগামী ২০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ জুলাই) রাতে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ জুলাই থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত পর্যটকদের জন্য দেবতাখুমে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক টানা ভারী বর্ষণের ফলে নদী, ছড়া ও ঝিরিতে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটে। এর প্রভাবে রোয়াংছড়ির দেবতাখুম পর্যটনকেন্দ্রের বিভিন্ন অবকাঠামোও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

প্রশাসনের ভাষ্য, ক্ষতিগ্রস্ত সেতু, চলাচলের পথ ও অন্যান্য অবকাঠামো দ্রুত সংস্কার না করা হলে পর্যটকদের জন্য সেখানে যাতায়াত ও অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাময়িকভাবে পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, সংস্কারকাজ শেষ করে পরিস্থিতি নিরাপদ হলে দেবতাখুম পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। এ সময়ের মধ্যে কেউ যেন সেখানে ভ্রমণের পরিকল্পনা না করেন, সে বিষয়েও অনুরোধ জানানো হয়েছে।

 

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবানের সাতটি উপজেলাতেই জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড়ধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া, নদী-ছড়ার পানি বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। এসব কারণে জেলার বেশ কয়েকটি পর্যটন এলাকায় সতর্কতা জারি রয়েছে।

 

উল্লেখ্য, বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি হলে হঠাৎ পাহাড়ি ঢল, পানির স্রোত বৃদ্ধি এবং ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে প্রশাসন নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পর্যটনকেন্দ্র পরিচালনায় সিদ্ধান্ত নিচ্ছে।


সম্পর্কিত নিউজ