{{ news.section.title }}
কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা, মালামালসহ ভাসমান অবস্থায় মিলল নৌকা
রাঙামাটির কাপ্তাই হ্রদে মো. মাসুদ (৫০) নামে এক বিএনপি নেতা নিখোঁজ হয়েছেন। ব্যবসার কাজে বিলাইছড়ি যাওয়ার পর ইঞ্জিনচালিত নৌকায় করে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরে হ্রদের গর্জনটিলা এলাকায় তার মালামালবোঝাই নৌকাটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শনিবার (১৮ জুলাই) বিলাইছড়ি থেকে কাপ্তাই ফেরার পথে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. মাসুদ কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মাসুদ দীর্ঘদিন ধরে নৌপথে মুদি পণ্যের ব্যবসা করে আসছিলেন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার তিনি কাপ্তাই থেকে বিলাইছড়ির ফারুয়া বাজারে বিভিন্ন মালামাল নিয়ে যেতেন এবং ব্যবসা শেষে সাধারণত শুক্রবার বিকেল অথবা শনিবার সকালে বাড়ি ফিরতেন।
গত বৃহস্পতিবারও তিনি চাল, ডাল, ডিম, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য নিয়ে বিলাইছড়ির উদ্দেশে রওনা দেন। তবে নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন।
পরে শনিবার বিকেল প্রায় ৪টার দিকে কাপ্তাই হ্রদের রাইংখিয়ং বাজারসংলগ্ন গর্জনটিলা এলাকায় তার ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। নৌকায় থাকা সব মালামাল অক্ষত থাকলেও সেখানে মো. মাসুদকে পাওয়া যায়নি। খবর পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সংবাদমাধ্যমকে জানান, বিলাইছড়ি থেকে কাপ্তাই জেটিঘাটে ফেরার পথে গর্জনটিলা এলাকায় কোনো একসময় তিনি নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, বিষয়টি জানার পর শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত নৌবাহিনীর ডুবুরি দলের সহযোগিতায় অভিযান চালানো হয়। তবে নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, রাত পর্যন্ত যৌথভাবে তল্লাশি চালিয়েও মো. মাসুদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে তিনি হ্রদের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। তবে বিষয়টি নিশ্চিত হতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।